আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধিভুক্ত সব দাওরায়ে হাদিস মাদরাসার জন্য পরীক্ষার নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। এতে মাদরাসার মুহতামিম, দায়িত্বশীল কর্মকর্তা এবং পরীক্ষার্থীদের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৩ জুলাই) চেয়ারম্যানের আদেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষার্থীর সানাবিয়্যা (উলয়া/সানাবিয়্যা) এবং ফজিলতের নম্বরপত্র ও ফলাফল তালিকায় নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ হুবহু এক ও অভিন্ন থাকতে হবে। কোনো ধরনের অমিল থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অবিলম্বে বোর্ডের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে হবে এবং নিবন্ধনের সময় সংশোধিত নম্বরপত্র আপলোড করতে হবে।
এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকা বাধ্যতামূলক করা হয়েছে। যাদের এসব পরিচয়পত্র নেই, তাদের দ্রুত জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে নিবন্ধনের সময় তা আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় ছাত্রীদের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত (তর্জনী) আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে ওই ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা হবে।
এ কারণে প্রতিটি মহিলা মাদরাসা ও মারকায (পরীক্ষাকেন্দ্র) কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ZKTeco SLK20R (বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার) ডিভাইস সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ বলেছে, দাওরায়ে হাদিস পরীক্ষা কার্যক্রমের স্বচ্ছতা, শৃঙ্খলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।










