• ই-পেপার

সাবেক সচিব জিয়াউলকে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল

অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে পরিচালনা, দুই আসামির রিমান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন জুয়ার পেমেন্ট গেটওয়ে পরিচালনা, দুই আসামির রিমান্ড
সংগৃহীত ছবি

অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে পরিচালনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রবিবার (১২ জুলাই) শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

আসামিরা হলেন মো. আমিনুর ইসলাম (৩৭) ও মো. সাকিব হোসেন (২৮)। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে রাজধানীর রমনা থানায় মামলা করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা মামলাটি করেছেন। তদন্তের দায়িত্বে রয়েছেন একই বিভাগের এসআই জাকির হোসেন।

আদালতে দুই আসামিকে হাজির করে প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আমিনুর ইসলামের তিন দিন এবং সাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১১ জুলাই রাজধানীর দোলাইরপাড় এলাকা থেকে আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গুলশান এলাকা থেকে সাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রিমান্ডে নিয়ে তাদের আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

মোবাইল কোর্টের আপিল নিষ্পত্তি দ্রুত করতে ৭ সদস্যের কমিটি

বাসস
মোবাইল কোর্টের আপিল নিষ্পত্তি দ্রুত করতে ৭ সদস্যের কমিটি

মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

রবিবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মোবাইল কোর্ট কার্যক্রমে দ্রুতকৃত সুপারিশ প্রদান কমিটির সভাপতি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব। ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন বলে প্রপনে উল্লেখ করা হয়।

কমিটির প্রধান দায়িত্ব হবে মোবাইল কোর্টের সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা। পাশাপাশি, মোবাইল কোর্ট পরিচালনার সহায়ক ব্যবস্থা, প্রয়োজনীয় উপকরণ ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে কমিটির। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ। 

২৫ বছর পূর্ণ না হলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

অনলাইন ডেস্ক
২৫ বছর পূর্ণ না হলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

চাকরির সময়সীমা ২৫ বছর পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

২৮ পৃষ্ঠার ওই রায়ে বলা হয়, ‘আইনপ্রণেতারা যুক্তিসংগত বিবেচনায় নির্ধারিত ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীর জন্য পেনশন সুবিধার বিধান রাখেননি।

২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্টের দেওয়া এক রায়ের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ের করা আপিলের পর পুনরায় আবার রায় দেন আপিল বিভাগ। ওই রায়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুব মোরশেদকে পেনশন ও চাকরিজীবনের অন্যান্য বকেয়া সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

১৯৯১ সালের ডিসেম্বরে সহকারী জজ হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেওয়া মাহবুব অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১৯ বছরের চাকরি শেষে ২০১১ সালের ৩১ জানুয়ারি পদত্যাগ করেন।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, বিদ্যমান আইন অনুযায়ী বাধ্যতামূলক যোগ্যতার মেয়াদ পূর্ণ হওয়ার আগে পদত্যাগকারী কোনো সরকারি কর্মচারীকে পেনশন দেওয়ার সুযোগ নেই। তাই হাইকোর্টের নির্দেশ আইনগতভাবে কার্যকরযোগ্য নয়।

রায়ে বলা হয়, উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আপিলকারীকে (আইন মন্ত্রণালয়) প্রতিপক্ষ রিটকারীকে (মাহবুব) তার চাকরির মেয়াদের ভিত্তিতে পেনশন দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট বিভাগ দিয়েছিলেন, সেটিও টেকসই নয়। কারণ, এটি কার্যকরযোগ্য কোনো আদেশ নয়, যেহেতু আইন এ ধরনের সুবিধা দেওয়ার অনুমতি দেয় না।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ আরও বলেন, এ ছাড়া সাধারণ বিবেচনায় এটিও উল্লেখযোগ্য যে, নির্ধারিত ২৫ বছরের যোগ্যতাসম্পন্ন চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যদি অবাধে পেনশন ও অবসর-সুবিধা পাওয়া যায়, তাহলে তা সরকারি চাকরিতে প্রত্যাশিত শৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে দুর্বল করতে পারে। সরকারি চাকরি শুধু স্বল্পমেয়াদি কর্মসংস্থান নয়, বরং এটি ধারাবাহিকতা, জবাবদিহি ও প্রতিষ্ঠানের প্রতি দীর্ঘস্থায়ী আনুগত্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি কাঠামোবদ্ধ পেশা।

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগের বিচারকরা বলেন, কর্মকর্তারা যদি নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করে পূর্ণ পেনশন সুবিধা ভোগ করতে পারেন, তাহলে কেউ কেউ সরকারি চাকরিকে কেবল অভিজ্ঞতা, প্রশিক্ষণ, মর্যাদা বা আর্থিক নিরাপত্তা অর্জনের একটি অস্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে. পরে ব্যক্তিগত সুবিধার জন্য চাকরি ছেড়ে যেতে পারেন।

এতে অকাল পদত্যাগ উৎসাহিত হতে পারে, জনবল পরিকল্পনা ব্যাহত হতে পারে, অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে এবং সরকারি চাকরির সঙ্গে ঐতিহ্যগতভাবে যুক্ত শৃঙ্খলা ও গুরুত্ব ক্ষুণ্ন হতে পারে। তাই সরকারি চাকরিতে অঙ্গীকার, শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক স্থিতি বজায় রাখতে যোগ্যতাসম্পন্ন চাকরির নির্ধারিত মেয়াদ একটি যৌক্তিক নীতিগত সিদ্ধান্তের প্রতিফলন।

পুরুষাঙ্গ কেটে প্রেমিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার নারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
পুরুষাঙ্গ কেটে প্রেমিককে হত্যার অভিযোগে গ্রেপ্তার নারী কারাগারে

রাজধানীর মহাখালীতে প্রেমিক মামুন মিয়াকে (৩০) প্রথমে পুরুষাঙ্গ কেটে এবং পরে পেটে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে বনানী থানায় করা মামলায় গ্রেপ্তার নারী বিউটি আক্তারকে (২৯) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুনানির সময় আসামি বিউটি আক্তারের পক্ষে আদালতে কোনো জামিনের আবেদন ছিল না।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে আটকে রাখার আবেদন জানান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নিহত মামুন মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সা-মালিহাটি গ্রামের বাবলু মিয়ার ছেলে। গ্রেপ্তার আসামি বিউটি আক্তার একই জেলার গফরগাঁও থানার নিগুয়ারী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। বিগত প্রায় এক বছর আগে ননদ সাইদা আক্তার লাকীর মাধ্যমে মামুনের সঙ্গে বিউটির পরিচয় ও পরবর্তীতে গোপন পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা বাদীর পরিবার জানত না। গত ১০ জুলাই চিকিৎসার কথা বলে ঢাকায় আসেন বিউটি এবং বনানী থানার মহাখালী টিবি গেট পূর্বপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়ায় ওঠেন। পরদিন ১১ জুলাই সকাল ১১টার দিকে মামুন ওই ভাড়া বাসায় বিউটির সঙ্গে দেখা করতে গেলে বিউটি তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন।

অভিযোগে আরো বলা হয়, এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে বিউটি ফল কাটার ধারালো চাকু দিয়ে মামুনের পুরুষাঙ্গে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করেন। মামুন প্রচণ্ড রক্তক্ষরণে লুটিয়ে পড়লে তাকে হত্যার উদ্দেশ্যে বিউটি একই চাকু দিয়ে মামুনের পেটের বাঁ পাশে একাধিক আঘাত করে গুরুতর জখম করেন। পরে মামুনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সন্ধ্যা ৭টার দিকে মামুন মারা যান।​ এ ঘটনায় ১২ জুলাই ভুক্তভোগী মামুনের চাচা বনানী থানায় একটি মামলা করেন।

তদন্ত কর্মকর্তা তার আবেদনে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিউটি আক্তার এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সময় আসামি নিজেও সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে পরবর্তীতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।