• ই-পেপার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত সেই হরিদাস গ্রেপ্তার

আদমদীঘি

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ জুলাই) সকালে তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) গভীর রাতে আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে রবিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেপ্তার করেন। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

নাসিকের ট্রাকচাপায় নিহত ২ যুবদল নেতার পরিবার পেল ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নাসিকের ট্রাকচাপায় নিহত ২ যুবদল নেতার পরিবার পেল ২০ লাখ টাকা
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ট্রাকচাপায় নিহত দুই যুবদল নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।  নিহত দুই পরিবারের হাতে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি দুই পরিবারের দুই সদস্যকে সিটি করপোরেশনে চাকরি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নাসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় নিহত মাসুম বিল্লাহর বাবা বাদশা মিয়াকে নাসিকের আইন শাখায় অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়। এছাড়া অপর নিহত আব্দুল কাদির জিলানীর স্ত্রী সোহানাকে স্বাস্থ্য বিভাগে নিয়োগপত্র প্রদান করা হয়।

চেক প্রদান শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা হলো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালন করা। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য শুধু আর্থিক সহায়তা নয়, তাদের ভবিষ্যৎ জীবিকা নিশ্চিত করতে চাকরির ব্যবস্থাও করা হয়েছে।’

তিনি বলেন, ‘একজন উপার্জনক্ষম মানুষ হারিয়ে গেলে একটি পরিবার চরম অনিশ্চয়তায় পড়ে যায়। তাই এককালীন অনুদানের পাশাপাশি পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। নাসিক ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।’

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ‘সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান পরিবার দুটিকে আর্থিক অনুদান ও চাকুরীর ব্যবস্থা করে ভবিষ্যৎ উপার্জনের একটি স্থায়ী পথ খুলে দিয়েছেন। নিহত দুই জনই পরিবারের উপার্জন ক্ষমতা ব্যক্তি ছিলেন। এই আর্থিক অনুদান ও চাকুরি তাদের পরিবারের ভরণপোষণ ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা পালন করবে।’

প্রসঙ্গত, গত ৯ জুন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ (২৭) ও ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) নিহত হন। ওই দুর্ঘটনার পর জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় নাসিক প্রশাসন দুই পরিবারের জন্য আর্থিক অনুদান ও চাকরির ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়েছে।

নান্দাইলে হেঁটে হেঁটে ইয়াবা বিক্রি, আটকের পর ৩ মাসের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে হেঁটে হেঁটে ইয়াবা বিক্রি, আটকের পর ৩ মাসের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্য বাজারে হেঁটে হেঁটে ইয়াবা বিক্রি করার সময় দেলোয়ার (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহমেদ মাহমুদ।

রবিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার মুশল্লী ইউনিয়নের মেরেঙ্গা নতুন বাজারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত দেলোয়ার মেরেঙ্গা বাজারে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মাঝে প্রকাশ্যে হেঁটে হেঁটে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন। বাজারের লোকজন একজোট হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয়। তবে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য এক নারীকে কোলে শিশু থাকা অবস্থায় ইয়াবা বিক্রির অভিযোগে আটক করা হলেও, তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মেরেঙ্গা বাজারের একজন প্রভাবশালী ভাঙারি ব্যবসায়ী ওই নারীকে সামনে রেখে মূলত এই ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ১৫ দিন আগে ক্ষুব্ধ এলাকাবাসী ওই নারীর বাড়িঘর ভেঙে দেয়। এরপর সে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিলেও তার ইয়াবা কারবার থামেনি।

নান্দাইল থানার উপপরিদর্শক মো. রাসেল জানান, আজ সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লালপুরে ট্রেনে কাটা পড়ে তরুণ হকারের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে ট্রেনে কাটা পড়ে তরুণ হকারের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে আহমদ আলী (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাবনা জেলার চাটমোহর উপজেলার মো. ইউসুফ আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্রাম্যমাণ হকার হিসেবে ট্রেনে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি ট্রেনে পণ্য বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ট্রেনে অনিরাপদ চলাচল থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি আরো বলেন, ট্রেনে হকারি করতে গিয়ে অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাফেরা করেন, যা এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।