মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মো. শহীদ শিকদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ মহেশপুর এলাকার একটি ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত শহীদ শিকদার ওই এলাকার মৃত শমসের শিকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে খোর্দ মহেশপুর এলাকার চরাঞ্চলের ফসলের মাঠে কাজ করছিলেন শহীদ শিকদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয় কৃষকরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহ দাফন করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।




