• ই-পেপার

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন

হাম উপসর্গে আরো ১ প্রাণহানি, মোট মৃত্যু ৭৫৯

অনলাইন ডেস্ক
হাম উপসর্গে আরো ১ প্রাণহানি, মোট মৃত্যু ৭৫৯
ছবি: কালের কণ্ঠ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯টি শিশু। সোমবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৯টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এই সময়ে ৮৫৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৮টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৫ হাজার ১৯৬ রোগী, যাদের মধ্যে ৯১ হাজার ৪৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৫০

অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৩৫০
সংগৃহীত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩৫০ জন। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, খুলনা বিভাগে ৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে একজন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।

হাম কেড়ে নিল আরো ৫ শিশুর প্রাণ

অনলাইন ডেস্ক
হাম কেড়ে নিল আরো ৫ শিশুর প্রাণ
সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরো ৬৯৬ জন আক্রান্ত হয়েছে। রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হলো।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯০ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়েছে।

১৫ জুলাই মহাসমাবেশ

ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
ছবি : কালের কণ্ঠ

সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে পেশাগত নিবন্ধনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী, ডেন্টাল ডিপ্লোমাধারী এবং সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসির মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা সময়ের দাবি।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে। সরকার পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও সনদ প্রদানসহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য ১০টি কর্মপরিধিও নির্ধারণ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিএমডিসির পেশাগত নিবন্ধন এবং প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থান সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

আন্দোলনের অন্যতম সংগঠক মো. শাহাদাত হোসেন দাবি করেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইনের ১৫ ধারা ও পঞ্চম তফসিল অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। অথচ চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা একই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ১৯, ২৬, ২৭ ও ৪০ অনুচ্ছেদের পরিপন্থী।

বক্তারা সরকারের কাছে অবিলম্বে বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা একই আইনের ৩৬ ধারার আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য পৃথক বিধিমালা প্রণয়নের দাবি জানান।

মানববন্ধনে আরো বক্তব্য দেন এমট্যাবের সভাপতি এ কে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব মো. আইনুল হক, হারুনুর রশীদ ও আওরঙ্গ খালেদ মোসান্না প্রমুখ।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, অবিলম্বে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।