• ই-পেপার

ভেসে গেল কপোতাক্ষের সাঁকো, ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

ঝুপড়ির জীবন শেষ আরশের নেছার, মুচলেকা দিয়ে ঘরে তুললেন ছেলেরা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ঝুপড়ির জীবন শেষ আরশের নেছার, মুচলেকা দিয়ে ঘরে তুললেন ছেলেরা
অবহেলিত বৃদ্ধা আরশের নেছা। সংগৃহীত ছবি

জীবনের সবটুকু ভালোবাসা আর ত্যাগ দিয়ে সন্তানদের মানুষ করেছিলেন ৮০ বছর বয়সী আরশের নেছা। অথচ বার্ধক্যে এসে মাথা গোঁজার ঠাঁই হয়েছিল একটি জরাজীর্ণ ঝুপড়িতে। দুই ছেলের পাকা দ্বিতল ভবন থাকা সত্ত্বেও বাইরে মানবেতর অবস্থায় বসবাস করা এই বৃদ্ধা মায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাকে ছেলেদের বাড়ির একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাঞ্ছারামপুর পৌর এলাকার টিএনটি পাড়ার বাসিন্দা আরশের নেছার চার ছেলে—রহিম, মোমেন, হুমায়ুন ও প্রয়াত ইয়াছিন এবং এক মেয়ে রয়েছেন। দুই ছেলের আলিশান দ্বিতল ভবন থাকলেও বৃদ্ধা মাকে বাড়ির বাইরে একটি খুপড়িতে থাকতে হতো। বৃষ্টি, রোদ ও মশার যন্ত্রণার মধ্যে অসুস্থ অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছিলেন তিনি।

রবিবার (১২ জুলাই) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাত ১০টার দিকে উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ জালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বৃদ্ধা মায়ের জন্য ছেলেদের ভবনের ভেতরে একটি কক্ষে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুকনো খাবার ও নগদ ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘একজন বাবা কিংবা মা বার্ধক্যে বিলাসবহুল জীবন চান না। তাঁরা শুধু চান সন্তানের ঘরে একটুখানি জায়গা, দুই বেলা দুমুঠো ভাত আর একটু সম্মান। আজ আমরা সন্তান, একদিন আমরাও বৃদ্ধ হব। তাই পরিবারে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ সবার আগে নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা কি সত্যিই সভ্য হচ্ছি, নাকি শুধু আমাদের বাড়িগুলো পাকা হচ্ছে অথচ হৃদয়গুলো পাথরে পরিণত হচ্ছে—এই প্রশ্ন আজ আমাদের সবার সামনে।’

ইউএনও জানান, পরিবারটির বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

বৃদ্ধা আরশের নেছার কাছে সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

এদিকে বৃদ্ধার বড় ছেলে ব্যবসায়ী হুমায়ুন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমিসহ আমরা সবাই মায়ের সঙ্গে অন্যায় করেছি। আমাদের ভুল হয়েছে। এখন থেকে আর মাকে ঘরের বাইরে রাখব না। ভবনের ভেতরেই রাখব।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) হুমায়ুন মিয়া ও রহিম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভবিষ্যতে মায়ের প্রতি কোনো ধরনের অবহেলা করবেন না—মর্মে লিখিত মুচলেকা দেন এবং নিজেদের ভুলের জন্য অনুতাপ প্রকাশ করেন।

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণ
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ বিমানবাহিনী শমসেরনগর স্টেশন ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেন বাংলাদেশ বিমানবাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা। এ সময় উপস্থিত ছিলেন স্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খানসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় পতনঊষার ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকায় বন্যাপীড়িত এক শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও এক শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।  

বাংলাদেশ বিমানবাহিনীর শমসেরনগর বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, ‘বন্যাকবলিত এলাকায় আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্প করা হবে। আমরা সরেজমিন খোঁজ নিয়ে বন্যার্তদের তালিকা করে ত্রাণ বিতরণ করেছি।’

নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলার মূল হোতা ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নবীনগরে র‌্যাব সদস্যদের ওপর হামলার মূল হোতা ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মূল হোতা ডাকাতদল নেতা মো. শফিক ওরফে ‘শফিক ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১২ জুলাই) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জুলাই) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনূবী।

তিনি জানান, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র‌্যাবের চার গোয়েন্দা সদস্য নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে গেলে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় চার সদস্যকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। হামলায় তিনজন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত র‌্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

র‌্যাব জানায়, এ ঘটনায় ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা শফিক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরো জানায়, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, জমি দখল, মাদক, ধর্ষণ, পর্নোগ্রাফিসহ ১৫টিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যা মামলারও তিনি একজন আসামি।

দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি : কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে সড়ক দুর্ঘটনায় সিয়াম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম ধান্যঘরা গ্রামের মো. পলাশের ছেলে।

স্থানীয়রা জানায়, সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা থেকে ধান্যঘরা গ্রামে বাড়ি ফিরছিল। বাড়ির সামনে ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী রেখা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেখা পরিবহনের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওযার পথে সে মারা যায়। পরিবহনটি আটক করে থানা হেফাজতে রেখেছে।’