• ই-পেপার

ঝুপড়ির জীবন শেষ আরশের নেছার, মুচলেকা দিয়ে ঘরে তুললেন ছেলেরা

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই প্রত্যাহার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই প্রত্যাহার
অভিযুক্ত এসআই মোস্তাফিজার রহমান।

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর তাকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক যুবক ছয় মাস আগে সৌদি আরবে যান। আদম ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, সৌদি আরবে নেওয়ার পর তাকে কোনো কাজ দেওয়া হয়নি। পরে এ ঘটনায় প্রবাসীর মা সংশ্লিষ্ট দালালদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।

অভিযোগ রয়েছে, তদন্ত চলাকালে এসআই মোস্তাফিজার রহমান অভিযুক্ত দালালদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এতে প্রবাসীর স্ত্রী ও পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েন।

এ সময় স্বামীর বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি প্রবাসীর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বলেন। একপর্যায়ে তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে।

প্রবাসীর স্ত্রী কৌশলে সেই কথোপকথন মোবাইল ফোনে রেকর্ড করেন। পরে অডিও ক্লিপটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে আসে। এর একটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ সুপার বিষয়টি আমলে নেন। পরে রবিবার মধ্যরাতে এসআই মোস্তাফিজার রহমানকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসআই মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চাকরির পরীক্ষা শেষে নিখোঁজ তরুণ, দুই দিন পর মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
চাকরির পরীক্ষা শেষে নিখোঁজ তরুণ, দুই দিন পর মিলল মরদেহ
মাহবুব সারওয়ার রাজন। সংগৃহীত ছবি

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জের তরুণ মাহবুব সারওয়ার রাজন (২৫)। পরীক্ষা শেষে উপবন এক্সপ্রেসে সিলেট ফেরার কথা থাকলেও এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের বাহুবল উপজেলার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রাজন সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের আবুল কালাম (কালু মিয়া)–এর ছেলে। আট মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সরকারি একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কয়েক দিন আগে ঢাকায় যান রাজন। শুক্রবার পরীক্ষা শেষে উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার কথা তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

রাজনের বড় ভাই মাহবুব হাসান মুন্না বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিই। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধারের খবর ও ছবি দেখে আমাদের সন্দেহ হয়। পরে নিশ্চিত হই, সেটি রাজনের মরদেহ।’

পুলিশ জানায়, রবিবার (১২ জুলাই) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল বলেন, ‘কিভাবে রাজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক।’ তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রাজনের ব্যবহৃত মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান রবিবার রাত প্রায় আড়াইটার দিকে হবিগঞ্জের বাহুবল এলাকায় পাওয়া গেছে। এ তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলাটির তদন্ত করছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিরস্ত্র মো. রাশেদ পারভেজ ছায়িম।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজন হলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিচারপ্রার্থীদের ওপর খসে পড়ল আদালত ভবনের পলেস্তারা, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি
বিচারপ্রার্থীদের ওপর খসে পড়ল আদালত ভবনের পলেস্তারা, আহত ৫
ছবি : কালের কণ্ঠ

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা জজ আদালত ভবনের কচুয়া আদালতের এজলাস-সংলগ্ন বারান্দায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন হাবিবুল্লাহ শেখ, তার বাবা মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার ও মোতালেব। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বারান্দার ছাদের একটি অংশের পলেস্তারা ভেঙে নিচে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীদের ওপর পড়ে। এতে পাঁচজন আহত হন। এ সময় ছাদের ভেতরের রডও বেরিয়ে আসে। ফলে ভবনের ওই অংশে আরো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

আহত সুমন দাস ও হৃদয় হাওলাদার জানান, তারা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে তাদের ওপর পড়ে। এতে দুজনের মাথা ফেটে যায় এবং অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের মাথায় সেলাই দিতে হয়েছে। অন্যদের ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তবে সবাই বর্তমানে শঙ্কামুক্ত।

বাগেরহাট জেলা জজ আদালতের নাজির অমিত কুমার বলেন, ‘ঘটনার বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ব্যবহার উপযোগী কি না, সে বিষয়ে প্রতিবেদন দেবে।’

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, ‘জেলা জজ আদালতের নিচতলায়, যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালত পরিচালিত হয়, সেই অংশের কচুয়া আদালতের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ খসে পড়ে। এতে সেখানে অপেক্ষমাণ কয়েকজন বিচারপ্রার্থী আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরো বলেন, জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং একাধিক স্থানে পলেস্তারা খসে পড়ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে ভবনটির সংস্কার প্রয়োজন। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)’র অধীনস্থ দেশে জ্বালানি তেল বিপণনকারি প্রতিষ্ঠান যমুনা অয়েল, পদ্মা অয়েল, ইস্টার্ণ রিফাইনারি এবং মেঘনা পেট্রোলিয়াম যৌথভাবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত জনগণের মাঝে ২ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে ত্রাণগুলো আজ সোমবার সকালে সার্কিট হাউসে চট্টগ্রামের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন এসব ত্রাণ গ্রহণ করেন।

ত্রাণের প্রতি প্যাকেটে আছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ প্যাকেট বিস্কুট (ফ্যামেলি সাইজ), ৪ প্যাকেট নুডুলস, ৬ পিস ওরস্যালাইন এবং ২ পিস সাবান রয়েছে বলে ত্রাণ প্রদানকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা জানিয়েছেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপিসি ও তেল বিপণন কম্পানিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া কম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ যথাক্রমে মো. ইউসুফ হোসেন ভূঁইয়া, শরীফ হাসনাত, মফিজুল ইসলাম এবং শাহীরুল ইসলাম এ সময়ে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী হস্তান্তর সম্পন্ন করেন।