• ই-পেপার

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি

ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই

ময়মনসিংহ প্রতিনিধি
ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনেরই
সংগৃহীত ছবি

ময়মনসিংহের নান্দাইলে ছোট ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল সাত বছর বয়সী এক শিশু। এ ঘটনায় পানিতে ডুবে দুই ভাই-বোনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের শমশের আলীর মেয়ে শরীফা খাতুন (৭) ও ছেলে মাহমুদুল হাসান (৫)।

পারিবারিক সূত্র জানায়, বাবার বেগুন ক্ষেত দেখে বাড়িতে ফেরার পথে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় মাহমুদুল। বিষয়টি দেখে তাকে উদ্ধার করতে বড় বোন শরীফা পুকুরে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অন্য শিশুদের কাছ থেকে খবর পেয়ে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। তবে এর আগেই প্রাণ হারান ওই দুইজন।

এদিকে দুই সন্তানকে হারিয়ে মা মঞ্জিলা বেগমের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নান্দাইল মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর

হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস

জামালপুর প্রতিনিধি
হঠাৎ বিকল ট্রেনের ইঞ্জিন, আড়াই ঘণ্টা পর চালু তিস্তা এক্সপ্রেস
সংগৃহীত ছবি

জামালপুর থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ২ ঘণ্টা ১৭ মিনিট‌ আটকা পড়েছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রবেশের পরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। 

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের যাত্রীরা ওঠানামা শেষে ট্রেনটি স্টেশন ত্যাগের প্রস্তুতি নিলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে স্টেশনেই আটকে পড়ে। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে তিস্তা এক্সপ্রেসের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরেই তিস্তা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ২ ঘণ্টা ১৭ মিনিট স্টেশনে আটকা ছিল। পরে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযুক্ত করা হলে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে।
 

কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিলেন যুবক, এলাকায় আতঙ্ক

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিলেন যুবক, এলাকায় আতঙ্ক
ছবি : কালের কণ্ঠ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক যুবকের বিরুদ্ধে নিজ ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। আগুন দেওয়ার পর দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখানোর ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শামীম মৃত আনোয়ার (বিডিআর)-এর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

স্থানীয় বাসিন্দারা জানায়, শামীম নিজেই তার বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকাতে বা আগুন নেভাতে এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দেন। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকি তার স্ত্রী, মা ও বোনও ভয়ে তার কাছে যেতে পারেননি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ঘরের প্রায় সব আসবাব ও মালামাল পুড়ে যায়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, ‘মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হামের উপসর্গে কুমেকে শিশুর মৃত্যু, জেলায় প্রাণহানি বেড়ে ১৩

কুমিল্লা প্রতিনিধি
হামের উপসর্গে কুমেকে শিশুর মৃত্যু, জেলায় প্রাণহানি বেড়ে ১৩
সংগৃহীত ছবি

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে ছয় মাস বয়সী খাদিজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম আক্রান্ত ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মঞ্জুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত খাদিজা কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাসিন্দা রাব্বি মিয়ার মেয়ে। গত ১৪ জুলাই মধ্যরাতে হামের উপসর্গ নিয়ে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই সকালে তার মৃত্যু হয়।

কুমেক সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ২০ জনকে হাম সন্দেহে শনাক্ত করা হয়েছে এবং ১২ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। চিকিৎসা শেষে ১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৯৫৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪৪০ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম সন্দেহে ১২ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৩৪ জন।

কুমেকের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মঞ্জুর আহমেদ বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই সকালে খাদিজার মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে আপাতত হাম সন্দেহজনক হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ল্যাব পরীক্ষার ফল পাওয়ার পর এটি নিশ্চিত হামজনিত মৃত্যু কি না, তা জানা যাবে।’

তিনি আরো বলেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। জ্বর, শরীরে র‌্যাশ, কাশি বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ বিষয়ে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি | কালের কণ্ঠ