চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে সন্দ্বীপগামী একটি কাঠের ট্রলার থেকে সাগরে ভাসমান চার ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বেলা ১১টায় কুমিরা থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা সন্দ্বীপ চ্যানেলে লাইফ জ্যাকেট পরিহিত চার জনকে সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা ডুবন্ত একটি বালুবোঝাই বাল্কহেডের শ্রমিক ছিলেন। পরে তাদের ট্রলারে করে সন্দ্বীপে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যে সন্দ্বীপকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি কোথা থেকে কোথায় যাচ্ছিল বা কী কারণে দুর্ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম মাঝিরহাট লাইটার শ্রমিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার তথ্য এখনো আমাদের কাছে আসেনি।’
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদারও জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো তথ্য পৌঁছায়নি।






