• ই-পেপার

ভারতের মিজোরামে জব্দ অস্ত্র নিয়ে ইউপিডিএফের বিবৃতি

কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে দগ্ধ ৩

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বরইতলা এলাকার একটি ৭ তলা আবাসিক ভবনের গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের একজনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন–মিস্ত্রি রাকিব (৩৪), তার সহকারী সুমন (২২) ও রাজন (২৩) । 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানিয়েছেন, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

হাসপাতালে নিয়ে আসা রাকিবের ভাই সজিব জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জ বরইতলা এলাকায় একটি আবাসিক ৭ তলা ভবনে রাত তিনটার দিকে গ্যাস লাইন পরিষ্কারের কাজ করার সময়, ওই ভবনের ওপর থেকে কে বা কারা সিগারেটের আগুন ফেলায় আগুন লেগে যায়। এতে আমার ভাই রাকিবের শরীরে আগুন লেগে যায়।  তাৎক্ষণিক দুই সহকারী গ্যাস লাইন বন্ধ করে দেয়। ততক্ষণে রাকিবের শরীরের অনেক অংশ পুড়ে যায়। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিউটে নেওয়া হয়।

মাইক বাজিয়ে মহাসড়কে ‘খাস আদায়’, চরম অসন্তোষ

ময়মনসিংহ প্রতিনিধি
মাইক বাজিয়ে মহাসড়কে ‘খাস আদায়’, চরম অসন্তোষ

মাইকে প্রচার চালিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর এলাকায় ‘খাস আদায়ের’ নামে ফের টোল বা টাকা আদায় শুরু করেছে স্থানীয় পৌরসভা। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন যানবাহন মালিক ও চালকরা। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই এই স্থানে সব ধরনের টাকা তোলা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মাইকিং করে পুনরায় এই টাকা আদায় কার্যক্রম চালু করা হয়েছে। এতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে উপস্থিত থেকে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় মাইকে প্রচার চালিয়ে বলা হচ্ছে–একটি বিজ্ঞপ্তি, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘পৌর অটোস্ট্যান্ড থেকে ২০ টাকা হারে খাস আদায় কার্যক্রম চলমান রয়েছে। এটি পৌরসভার একটি নিয়মিত কাজ ও চলমান অংশ। আহরিত অর্থ পৌরসভার উন্নয়নে ব্যয় করা হয়। ধন্যবাদান্তে প্রশাসক ঈশ্বরগঞ্জ পৌরসভা।’ অথচ যেখানে খাস আদায় করা হচ্ছে তা মহাসড়ক। প্রকাশ্যে যানবাহন আটকিয়ে ২০ টাকার রসিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে।

পৌরসভার পক্ষ থেকে এটিকে বৈধ এবং নিয়মিত কার্যক্রম দাবি করা হলেও ক্ষুব্ধ চালকরা একে ভিন্ন চোখে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অটোরিকশা ও সিএনজিচালক জানান, মহাসড়কে গাড়ি থামিয়ে এভাবে টাকা আদায় করা কোনোভাবেই কাম্য নয়। বিগত ৫ আগস্টের পর আমরা স্বস্তিতে গাড়ি চালাতে পারছিলাম, কোনো চাঁদা বা টোল দিতে হয়নি। কিন্তু এখন আবার নতুন করে টাকা তোলা শুরু হওয়ায় আমাদের আয়ের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।

এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঈশ্বরগঞ্জ একটি ‘প্রথম শ্রেণির’ (ক-শ্রেণি) পৌরসভা হওয়া সত্ত্বেও নিয়মমাফিক উন্মুক্ত ইজারা না দিয়ে সরাসরি এভাবে ‘খাস আদায়’ করার বিষয়টি অত্যন্ত প্রশ্নবিদ্ধ। সাধারণ চালক ও সচেতন মহলের মতে, ইজারা প্রক্রিয়া ছাড়া এ ধরনের খাস আদায়ের স্বচ্ছতা নিয়ে ধোঁয়াশা থেকে যায় এবং এটি পরোক্ষভাবে চালকদের ওপর বাড়তি হয়রানি তৈরি করছে।

এ বিষয়ে সাধারণ চালক ও পরিবহন মালিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনির্দিষ্ট হস্তক্ষেপ কামনা করেছেন, যেন মহাসড়কে যানবাহন থামিয়ে যেকোনো ধরনের অবৈধ বা প্রশ্নবিদ্ধ অর্থ আদায় অবিলম্বে বন্ধ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, এটা চাঁদা নয়। পৌরসভার স্বার্থে খাস কালেকশন করা হচ্ছে। ইজারা না দিয়ে খাস কালেকশন কেন–এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগেও তো ছিল।’

স্ট্যান্ডে খাস কালেকশন না করে মহাসড়কে কেন জানতে চাইলে তিনি বলেন, এটাও স্ট্যান্ড।

নারীকে হয়রানি ও শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
নারীকে হয়রানি ও শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে কু-প্রস্তাব দেওয়া এবং শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর ওপর অবস্থিত লর্ড লিটন সেতু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে কোর্টে প্রেরণ করা করেছে। গ্রেপ্তার বাদশা উপজেলার সান্তাহার ইউপির উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আপন বাদশা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় অডিও কলে কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি তার ১০ বছর বয়সী শিশুকন্যাকে রাস্তাঘাটে যৌন নিপীড়ন করতেন। গত ২১ জুন দুপুর সাড়ে ১২টায় ওই নারী স্কুটি বাইক নিয়ে বাসায় ফেরার পথে সান্তাহার রেলগেট অতিক্রম করার সময় অভিযুক্ত বাদশার সঙ্গে তার দেখা হয়। এ সময় তিনি অশালীন ছবি, ভিডিও ও বার্তা পাঠানো এবং তার শিশুকন্যাকে রাস্তাঘাটে যৌন নিপীড়নের বিষয়ে জিজ্ঞেস করেন। এতেই বাদশা ক্ষিপ্ত হয়ে পেছন দিক থেকে তাকে কিল-ঘুষি মারেন এবং একপর্যায়ে হাতে থাকা লোহাজাতীয় একটি অস্ত্র দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন। এতে তার মাথার বাঁ পাশে ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাদশা ওই নারীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের সোনার একটি চেইন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এরপর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের হয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে শুক্রবার রাতে নওগাঁ শহরের লর্ড লিটন সেতু থেকে আপন বাদশাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন বলেন, ‘গ্রেপ্তার আপন বাদশাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

 

ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৮ মায়ানমার নাগরিক

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৮ মায়ানমার নাগরিক
সংগৃহীত ছবি

টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত বান্দরবানের সীমান্তাঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে মায়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১০ জুলাই) রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন রেজুপাড়া বিওপির একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং মংতা নাইং (২০)। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ডেকিবুনিয়া থানার বিভিন্ন গ্রামে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির তথ্যমতে, আটক ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নামে একজন নিজেকে বাংলাদেশি দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি উপস্থাপন করেন। তবে প্রাথমিক যাচাইয়ে ওই নথিপত্রের তথ্যের সঙ্গে তার পরিচয়ের কোনো মিল পাওয়া যায়নি। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে আট ব্যক্তি মিয়ানমারের রাখাইন রাজ্যের দিক থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ৪১ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে গাছবুনিয়া এলাকায় আশ্রয় নেন। তারা রাখাইনে চলমান সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল বলেন, ‘কক্সবাজার ৩৪ বিজিবি আটজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তারা মিয়ানমারের কোনো সশস্ত্র বাহিনী বা সংগঠনের সদস্য কি না, সেটি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হবে।’

এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) বলেন, ‘আটক ব্যক্তিরা মায়ানমারের নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তারা মায়ানমারের কোনো বাহিনীর সদস্য কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি যাচাই-বাছাই চলছে। তাদের আইনগত প্রক্রিয়ার জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

ভারতের মিজোরামে জব্দ অস্ত্র নিয়ে ইউপিডিএফের বিবৃতি | কালের কণ্ঠ