নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. ইমন (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সোনামিয়া স্টেডিয়াম সংলগ্ন পারটেক্স পেপার মিলের সামনে শীতলক্ষ্যা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন ঢাকার ডেমরা থানার বড় ভাঙ্গা (সারুলিয়া) এলাকার ঝালমুড়ি বিক্রেতা মিলন মিয়া ও মমতাজ বেগমের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বাবা মিলন মিয়ার সঙ্গে সোনামিয়া স্টেডিয়াম এলাকায় ঝালমুড়ি বিক্রি করতে আসে ইমন। একপর্যায়ে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সে। গোসলের সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় ইমন।
বিষয়টি সঙ্গে থাকা শিশুরা তার বাবাকে জানালে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে নদীর তলদেশ থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্টেশন লিডার হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নদীতে গোসল বা পানিতে নামার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




