• ই-পেপার

কুমিল্লায় বন্যায় ক্ষতি ৩৩৬২ কোটি টাকা

বাসার চালে টবে গাঁজা চাষ, ১২ গাছসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাসার চালে টবে গাঁজা চাষ, ১২ গাছসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি বসতঘরের টিনের চালে প্লাস্টিকের বালতিতে সুকৌশলে করা হচ্ছিল গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধারসহ লোকমান হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তর লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিষয়টি কালের কণ্ঠকে জানান র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গতকাল সোমবার রাতে নগরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শান্তিনগর এলাকায় এই অভিনব মাদক চাষের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব জানায়, বায়েজিদ বোস্তামী এলাকার লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের বালতি ও টবের ভেতর অত্যন্ত গোপনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ চাষ করে আসছিলেন, এমন গোপন তথ্য পায় র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে ২৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে লোকমানকে হাতেনাতে আটক করা হয়।

পরে তার দেখানো মতে টিনের চালের ওপর থেকে দুটি প্লাস্টিকের বালতিতে বিশেষভাবে রোপণ করা ১২টি সতেজ গাঁজা গাছ জব্দ করা হয়। প্রতিটি বালতিতে ৬টি করে গাছ রোপণ করা হয়েছিল।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আলামতসহ বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় : এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
শুধু আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় : এলজিআরডি মন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধুমাত্র আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। রাজনৈতিক দলসহ সবাইকে নিয়ে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে মাদক নির্মূল করতে হবে।

মঙ্গলবার দুপুরে (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সকলকে সম্পৃক্ত করে মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে। এই আন্দোলনকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, এছাড়া বিকল্প কোনো পথ নেই।’

তিনি আরো বলেন, ‘এই আন্দোলনের ফলে কিছু ইতিবাচক ফল পাওয়া সম্ভব হবে। সবাই মিলে ইতিবাচক ভূমিকা পালনসহ মাদকবিরোধী প্রচার-প্রচারণার মাধ্যমে এগিয়ে যেতে হবে।’

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও  গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী—আদালতে হাজিরা শেষে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী—আদালতে হাজিরা শেষে আইভী
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের ওপর হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। শুনানি শেষে আদালত তার পূর্বের জামিন বহাল রাখার পাশাপাশি পরবর্তী শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় তিনি জেলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন। বিষয়টি নিশ্চিন্ত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।

হাজিরা শেষে ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করেছি সর্বক্ষণ। হত্যা, অত্যাচার, জুলুমের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, আর আজকে আমিই অপরাধী!’

সংক্ষিপ্ত এ মন্তব্যের পর তিনি গাড়িতে উঠে দেওভোগের বাড়ির পথে রওয়ানা হন। এদিন, তার আগমনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে নেতা-কর্মীদের উপস্থিতি দেখা যায়। বিশৃঙ্খলা এড়াতে আদালতের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইভীকে গ্রেপ্তার দিন আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সদর মডেল থানা পুলিশের দায়ের করা একটি মামলার অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল মঙ্গলবার। এ মামলায় আইভী জামিনে থাকলেও তিনি আদালতের কার্যবিধি অনুযায়ী হাজিরা দিয়েছেন।

গত বছরের ৯ মে হত্যা মামলায় আইভীকে তার নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়। পরে একে একে ১২টি হত্যা ও হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন বন্দি থাকার পর গত ৪ জুন সব মামলা থেকে তিনি জামিনে মুক্তি পান।

সিরাজগঞ্জে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা, স্বামী পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা, স্বামী পলাতক
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মসলা পেশানো সিলপাটার সিল দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া খাতুন (২৪) একই গ্রামের সোহবার আলী সেখের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মো. শাহপরান।

তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, ‘তিন-চার বছর আগে তানিয়াকে বিয়ে করে স্বামী মো. শাহপরান শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নিজ ঘরে তানিয়াকে মৃত অবস্থায় দেখে স্বজনরা থানায় সংবাদ দেন। ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তানিয়াকে সিল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী শাহপরান তার স্ত্রী তানিয়াকে হত্যার পর পালিয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’

কুমিল্লায় বন্যায় ক্ষতি ৩৩৬২ কোটি টাকা | কালের কণ্ঠ