খুলনার পাইকগাছায় গরুর মাংস রান্না করতে গিয়ে অস্বাভাবিক রং পরিবর্তনের ঘটনা ঘটেছে। বুধবারের (২২ জুলাই) এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, পাইকগাছা পৌর বাজারের একজন মাংস ব্যবসায়ীর কাছ থেকে ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস কেনেন স্থানীয় মডার্ন বেকারির কর্মচারীরা। পিকনিকের জন্য তারা মোট তিন কেজি ৯০০ গ্রাম গরুর মাংস ক্রয় করেন। রান্নার সময় হঠাৎ মাংসের রং সবুজ হয়ে যেতে দেখে তারা বিষয়টি স্থানীয়দের জানান। পরে ওই মাংস পাইকগাছা থানায় নিয়ে গেলে পুলিশ তা জব্দ করে থানার হেফাজতে রাখে।
অভিযোগের বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল কসাই বলেন, বুধবার সকালে তিনি আরো অনেক ক্রেতার কাছে একই মাংস বিক্রি করেছেন, কিন্তু মডার্ন বেকারির কর্মচারী ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো অভিযোগ পাননি।
তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মিশে যাওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলেও তিনি দাবি করেন।
পাইকগাছা থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মাংসের নমুনা পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পরই রং পরিবর্তনের প্রকৃত কারণ এবং কোনো ধরনের রাসায়নিক বা ভেজালের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।




