• ই-পেপার

আমদানি বৃদ্ধি, কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে

পাবনায় পুলিশ মারধরের ঘটনায় আ. লীগ নেতাদের নামে দুই মামলা

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় পুলিশ মারধরের ঘটনায় আ. লীগ নেতাদের নামে দুই মামলা

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা ও জেলা শাখার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে দুটি মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সুজানগর থানায় পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলাতেই সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া একই কমিটির সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলামসহ অনেককেই মামলা দুটিতে এজহারভুক্ত আসামি করা হয়েছে। নাশকতা পরিকল্পনা ও এতে সহযোগিতার অভিযোগে একটি মামলায় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবুকেও আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ওসি (তদন্ত) মো. লালবুর রহমান।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর এবং মারধর করা হয়। এঘটনায় সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও হত্যার উদ্দেশে পুলিশকে মারধরের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম সোহাগসহ ৫৫ জনকে এজহারভুক্ত আসামি করা হয়েছে।

এদিকে একইদিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নামে আরেকটি মামলা করেছে পুলিশ। এতেও প্রধান আসামি আব্দুল ওহাব। এতে আরো আসামি করা হয়েছে দলটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সোহাগসহ এজহারভুক্ত ৫৭ জনকে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও এসব কাজে সহযোগিতার অভিযোগ এনে এ মামলা করা হয়েছে। উভয় মামলাতেই ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এ ব্যাপারে সুজানগর থানার ওসি (তদন্ত) মো. লালবুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা করে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

ঘটনারদিন পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখাসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল বা নাশকতার একটি পরিকল্পনা ছিল বলে বুধবার রাতে পুলিশ গোপন সংবাদ পায়। এ খবর পেয়ে দুটি গাড়িতে পুলিশের একটি সাধারণ টহল টিম মথুরাপুরের দোপপাড়া এলাকায় গেলে ভোর সাড়ে ৪টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই দলের কয়েকশ’ কর্মী সমর্থক পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসি সহ দুজন পুলিশ সদস্য আহত হন।

ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহ সংবাদদাতা
ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহের কালিগঞ্জে থানার সামনে শাহারিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। 

আহতদের মধ্যে শাহারিয়ার আলম সোহাগ দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মিশন আলী নাগরিক টিভির জেলা প্রতিনিধি  

সাংবাদিক মিশন আলী বলেন, তিনদিন আগে শহরের আড়পাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিলন হোসেন নামে এক যুবককে মারধর করে অজ্ঞাত কয়েকজন যুবক। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আড়পাড়া এলাকার মিঠু ও ইয়াসিন নামের দুই যুবককে থানায় নিয়ে আসেন পুলিশ।

এরপর রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী থানায় আসে পুলিশের সঙ্গে কথা বলার জন্য। এ সময় ওসি জেল্লাল হোসেন কৃষকদলের বহিষ্কৃত নেতা জালাল উদ্দিন ও শাহিন লস্করকে ফোন দিয়ে থানায় ডেকে আনেন। 

এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালীগঞ্জ থানার সামনে যার। সে সময় যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতাকর্মী থানায় আসা নারীদের ওপর হামলা করে। এ হামলার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ভিডিও করতে নিষেধ করেন। 

ভুক্তভোগী এ সাংবাদিক আরও বলেন, কৃষকদল নেতা জালাল উদ্দিন বিএনপিদের কোনো ভিডিও করা যাবে না বলে হুমকি দেওয়ার পর তার নেতৃত্বে হাসান, টিটো এবং রবিউল আমাকে মারধর করে।

হামলায় শিকার অপর সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ বলেন, ‘হামলার পর ওসি তাকে গ্রেফতার না করে সেফ এক্সিট দিয়েছে। ওসি জালাল, শাহীন লস্করসহ কয়েকজনকে ডেকে এনে হামলার ঘটনা ঘটিয়েছেন। 

এ বিষয়ে কৃষকদল নেতা জালাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পৌর এলাকার আড়পাড়া গ্রাম থেকে মাদক মামলার আসামি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে ওই গ্রামের নারী ও পুরুষরা থানা ঘেরাও করার চেষ্টা করে। 

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে : হুইপ দুলু

অনলাইন ডেস্ক
৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র  সফল হয়েছে : হুইপ দুলু
সংগৃহীত ছবি

৫৫ বছর পর বাংলাদেশের গণতন্ত্র সফল হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার আহ্বানে যুদ্ধ শুরু করেছিল। যে বিজয় আমরা অর্জন করেছিলাম, তা ৫৫ বছরেও তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এতে গণতন্ত্র পূর্ণতা পেয়েছে।

শুক্রবার বিকেলে নাটোরে ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির  আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব প্রমুখ।
 

বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়ারা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পলাতক বন্দিকে গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একই সঙ্গে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেন সেটি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দি কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান।

জানা যায়, রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেওয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করেন। বিষয়টি জানাজানি হলে কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন।

আমদানি বৃদ্ধি, কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে | কালের কণ্ঠ