• ই-পেপার

সন্তান হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

আমবোঝাই ট্রাকের নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আমবোঝাই ট্রাকের নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুস সবুর (৩৭) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুস সবুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে টাঙ্গাইলগামী আমবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় আমের ঝুড়ির নিচে চাপা পড়ে আব্দুস সবুর ঘটনাস্থলেই মারা যায়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

তিনি আরো বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকে থাকা আমগুলো নিহতের সাথে থাকা অপর দুই ব্যবসায়ী নিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
 

কুড়িগ্রাম

ব্রহ্মপুত্রে ভাঙন রোধে দ্রুত বাঁধ রক্ষার দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রহ্মপুত্রে ভাঙন রোধে দ্রুত বাঁধ রক্ষার দাবি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার উপজেলার কাঁচকোল-সড়কটারী এলাকায় মানববন্ধন করা হয়। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষা ও ডান তীর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কাঁচকোল-সড়কটারী এলাকায় ময়নার খামার যুবসংঘ ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

বক্তারা বলেন, বছরের পর বছর নদীভাঙনে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবর্ষায় ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতিমধ্যে ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা নেওয়া না হলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরো বলেন, কাঁচকোল-ফকিরেরহাট সড়কটি এলাকার মানুষের চলাচল, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দ্রুত স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মো. মজিদুল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মণ্ডল এবং মাদরাসার সুপার মাও. শমসের আলী প্রমুখ।

কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

স্থানীয় সূত্র জানায়, ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। শুধু চল‌তি মাসেই চার দফায় প্রায় ২০০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফাটল সৃষ্টি হয়েছে। 
ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হলেও জিও ব্যাগ বসানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত স্থানে যথাযথভাবে জিও ব্যাগ ফেলা হয়নি। ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী সংস্কারের পরিবর্তে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তারা।

নান্দাইলে বাসচাপায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে বাসচাপায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসায় ফেরার পথে বাসচাপায় মো. আতিকুর রহমান মতিন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় পল্লী বিদ্যুতের অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। চাকরি জীবনে তিনি নান্দাইল পৌর সদরের সমূর্থজাহান মহিলা কলেজের পাশে জমি কিনে বাসা তৈরি করেন। অবসরের পর থেকে তিনি সপরিবারে শহরের ওই বাসায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতিকুর রহমান মতিন পৌর সদরের বাসা থেকে বের হয়ে পাশেই অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসে যান বিল পরিশোধ করতে। বিল পরিশোধ শেষে মহাসড়ক পার হয়ে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ থেকে ভৈরবগামী ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ‘শ্যামল ছায়া’ বাসটিকে আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এদিন সকালে সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, এ এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি। প্রায় ১০ ফুট লম্বা সাপটি দেখে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।’

সন্তান হত্যার অভিযোগে মা গ্রেপ্তার | কালের কণ্ঠ