যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে অনলাইন প্রতারণা ঠেকাতে কঠোর নতুন আইন পাস করা হয়েছে। নতুন আইনে গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। মিয়ানমারে দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণার কেন্দ্রগুলো সক্রিয়।
এসব চক্র প্রেমের ফাঁদ, ভুয়া ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগসহ বিভিন্ন কৌশলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই অবৈধ ব্যবসা থেকে প্রতি বছর কোটি কোটি ডলার আয় হচ্ছে। অনেক বিদেশি নাগরিক জানিয়েছেন, তাদের চাকরির প্রলোভন দেখিয়ে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। পরে জোর করে প্রতারণা কেন্দ্রে কাজ করানো হয় এবং অমানবিক নির্যাতনের শিকার হতে হয়।
যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের চাপের মুখে মিয়ানমারের সরকার এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়লেও প্রতারণাকারীরা শুধু এক এলাকা থেকে অন্য এলাকায় সরে গিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার রাজধানী নেপিদাওয়ে সংসদের যৌথ অধিবেশনে ‘অনলাইন প্রতারণা বিরোধী বিল’ পাস হয়। একজন আইনপ্রণেতা জানান, আইনের চূড়ান্ত সংস্করণে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এর আগে প্রকাশিত খসড়া আইনে বলা হয়েছিল, কাউকে জোর করে অনলাইন প্রতারণার কাজে বাধ্য করতে গিয়ে নির্যাতন, বেআইনি আটক বা সহিংসতা চালানো হলে ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।
এ ছাড়া অনলাইন প্রতারণার কারণে কারো মৃত্যু হলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। নতুন আইনে অনলাইন প্রতারণা কেন্দ্র পরিচালনা বা ক্রিপ্টোকারেন্সি প্রতারণায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।
নতুন আইনে মৃত্যুদণ্ডের বিধান
অনলাইন প্রতারণা দমনে পাস হওয়া নতুন আইনটি সাবেক সামরিক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকারের প্রথম আইন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিন অং হ্লাইং অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
চলতি বছরের এপ্রিলে ব্যাপক সমালোচিত একটি নির্বাচনের পর মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ওই নির্বাচনে কারাবন্দি নোবেলজয়ী অং সান সু চি বা তার দল অংশ নিতে পারেনি।
বিশ্লেষকদের মতে, সামরিক-সমর্থিত আইনপ্রণেতাদের আধিপত্য থাকায় দেশটির সংসদ কার্যত সরকারের সিদ্ধান্ত অনুমোদনের কাজই করে। পশ্চিমা দেশ ও গণতন্ত্র পর্যবেক্ষক সংস্থাগুলোও নির্বাচনটিকে অবাধ ও সুষ্ঠু নয় বলে সমালোচনা করেছে।
প্রেসিডেন্ট হওয়ার পর মিন অং হ্লাইং তার প্রথম সিদ্ধান্তগুলোর একটি হিসেবে এপ্রিলে সাধারণ আদেশ জারি করে সব মৃত্যুদণ্ডের সাজা মওকুফ করেন। তবে এর আগে তার নেতৃত্বাধীন সামরিক সরকার কয়েক দশক পর আবারও মৃত্যুদণ্ড কার্যকর শুরু করেছিল।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অভ্যুত্থানবিরোধী আন্দোলনে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করেই এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
এদিকে, গত দুই বছরে প্রতারণার কারণে ৫০০ কোটি ডলারের বেশি ক্ষতির কথা জানানো চীনও কঠোর অবস্থান নিয়েছে। চলতি বছর মিয়ানমারের প্রতারণা চক্রের সঙ্গে জড়িত জালিয়াতির অপরাধে দোষী সাব্যস্ত অন্তত ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।গৃহযুদ্ধের সুযোগে বেড়েছে অনলাইন প্রতারণা, চ্যালেঞ্জের মুখে মিয়ানমার
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের গৃহযুদ্ধে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে। দীর্ঘদিনের এই সংঘাত ও অস্থিতিশীলতার সুযোগে দেশটিতে অনলাইন প্রতারণা চক্র আরো শক্তিশালী হয়ে উঠেছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, চীনা বংশোদ্ভূত অপরাধী চক্রগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সাইবার প্রতারণা নেটওয়ার্কের প্রধান চালিকাশক্তি। তারা মিয়ানমার, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত এলাকা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় আকারের প্রতারণা কেন্দ্র পরিচালনা করছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় সক্রিয় কিছু সশস্ত্র গোষ্ঠীও এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। মিয়ানমার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে অনলাইন প্রতারণা দমনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে ইউএনওডিসির মতে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান প্রতারণা চক্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি। বরং তারা এক এলাকা থেকে অন্য এলাকায় সরে গিয়ে নতুন করে কার্যক্রম চালাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড সীমান্তের কাছে কে কে পার্ক ও শ্বে কোক্কো এলাকার প্রতারণা কেন্দ্রগুলোতে অভিযান চালানোর পর অনেক চক্র কম্বোডিয়ায় গিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে।
মিয়ানমারের উচ্চকক্ষের সদস্য নও ইউজানা ওয়াহ বলেন, আন্তর্জাতিক চাপের কারণে সরকার অনলাইন প্রতারণা দমনে আরো সক্রিয় হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই অপরাধে অনেক সশস্ত্র গোষ্ঠী ও সংগঠন জড়িত থাকায় এটি মোকাবিলা করা খুবই কঠিন। তার ভাষায়, ‘এই সমস্যা সমাধানে আমাদের অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’




