• ই-পেপার

সাইবার প্রতারণায় দোষীদের মৃত্যুদণ্ডের আইন পাস করল মিয়ানমার

পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা চালাল ইসরায়েলি বসতিরা

অনলাইন ডেস্ক
পশ্চিম তীরে ৭ মাসে ১৩৩০ হামলা চালাল ইসরায়েলি বসতিরা
ছবি : রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গত সপ্তাহ থেকে চলমান সহিংসতায় এক শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন।

এক প্রতিবেদনে ওসিএইচএ বলছে, এই সহিংসতার কারণে অন্তত ১০টি ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বাড়িঘর, মসজিদ, গাছপালা এবং কৃষি অবকাঠামোতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের কঠোর চলাচল নিষেধাজ্ঞার কারণে বাসিন্দাদের স্বাস্থ্যসেবা গ্রহণ এবং জীবিকা নির্বাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ওসিএইচএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থাৎ গত ৭ মাসে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জড়িত অন্তত ১ হাজার ৩৩০টি সহিংস ঘটনার নথি সংরক্ষণ করা হয়েছে।

জাতিসংঘ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অধিকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা, নিহত বেড়ে ২০

অনলাইন ডেস্ক
পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা, নিহত বেড়ে ২০
সংগৃহীত ছবি

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) তথাকথিত আইনসভা নির্বাচনে ভোটগ্রহণে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার অনুষ্ঠিত প্রথম ধাপের ভোটকে কেন্দ্র করে পিওকের জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি) আয়োজিত ‘লং মার্চ’ চলাকালে সংঘর্ষ ও গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২০ জনে পৌঁছেছে। এতে আরো কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেএএসি জানায়, লং মার্চের বহর রাওয়ালাকোট শহরে পৌঁছেছে। এখন পর্যন্ত ১৯ জন নিহতের পরিচয় নিশ্চিত করা গেছে। এ ছাড়া একজনের মাথায় গুলির আঘাত পাওয়া গেছে, তবে তার এখনো পরিচয় মেলেনি। তার মরদেহ পালান্দ্রি হাসপাতালে রয়েছে। ফলে মোট নিহতের সংখ্যা অন্তত ২০ জনে দাঁড়িয়েছে।

সংগঠনটির সমর্থকদের অভিযোগ, রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর হাজারো বিক্ষোভকারী মুজাফফরাবাদের দিকে পদযাত্রা শুরু করেন।

এদিকে তিন ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচন আগামী ১০ আগস্ট শেষ হওয়ার কথা। তবে নির্বাচন শুরুর দিনই সরকারবিরোধী চলমান বিক্ষোভের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও ভারত শুরু থেকেই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অনুষ্ঠিত এ নির্বাচনকে স্বীকৃতি দেয় না। নয়াদিল্লির অবস্থান, জম্মু-কাশ্মীর ও লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল, যার মধ্যে পিওকে ও গিলগিট-বালতিস্তানও রয়েছে, ভারতের অবিচ্ছেদ্য অংশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পিওকেতে চলমান অস্থিরতা ওই অঞ্চলে পাকিস্তানের ‘পদ্ধতিগত শোষণ’ ও ‘প্রশাসনিক নিপীড়নের’ ফল।

ভোট জালিয়াতির অভিযোগ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের

এদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অভিযোগ করেছে, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সমর্থকদের গুলিতে তাদের কর্মী মুখতার ইউনুস নিহত হয়েছেন এবং আরো দুজন আহত হয়েছেন।

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথায়? নির্বাচন কমিশন কী করছে?’

পিপিপি ও পিএমএল-এন উভয়ই বিভিন্ন আসনে ভোটে কারচুপির অভিযোগ করেছে। সংঘর্ষের কারণে কয়েকটি ভোটকেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণও বন্ধ রাখতে হয়।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নির্বাচন বর্জন করেছে। অন্যদিকে জেএএসি-কে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পিটিআইয়ের দাবি, গত মাসে জেএএসি নেতৃত্বাধীন বিক্ষোভের পর সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ওই আন্দোলনের জেরে প্রায় ৫০ দিন ধরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত ছিল।

জেএএসি আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল, আটক কর্মীদের মুক্তি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিভিন্ন সংস্কারের দাবি জানিয়ে আসছিল। তবে সরকার এসব দাবি প্রত্যাখ্যান করলে আলোচনা ভেঙে যায় এবং মুজাফফরাবাদের উদ্দেশে পদযাত্রা শুরু হয়।

চলমান বিক্ষোভের কারণে সুধনোতি ও রাওয়ালাকোট জেলায় নির্ধারিত নির্বাচন স্থগিত করে আগামী ১০ আগস্ট নেওয়া হয়েছে।

পক্ষপাতদুষ্ট অভিযোগ করে আইসিসি থেকে সরে যাচ্ছে চাদ

অনলাইন ডেস্ক
পক্ষপাতদুষ্ট অভিযোগ করে আইসিসি থেকে সরে যাচ্ছে চাদ
ছবি : রয়টার্স

চাদ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অভিযোগ, আদালতটি কার্যকরভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে এবং আফ্রিকার দেশগুলোর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। সোমবার চাদ জাতিসংঘে একটি চিঠি জমা দিয়ে আইসিসি থেকে বের হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। 

রোম সংবিধির ভিত্তিতে গঠিত এই আদালত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে। তবে আইসিসি থেকে আনুষ্ঠানিকভাবে বের হতে অন্তত এক বছর সময় লাগে। ২০২৫ সালের পর চাদ হলো চতুর্থ আফ্রিকান দেশ, যারা আইসিসি ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে। এর আগে নাইজার, মালি ও বুরকিনা ফাসোও আদালটিতে অংশগ্রহণ বন্ধ করার ঘোষণা দেয়।

এদিকে আইসিসি বর্তমানে নানা সংকটের মুখে রয়েছে। ২৪ জুলাই যৌন অসদাচরণের অভিযোগে আদালটির প্রধান প্রসিকিউটর করিম খানকে পদ থেকে অপসারণ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, আইসিসি যুক্তরাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। তাই আদালটির প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আফ্রিকা বিষয়ক ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে চাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। একই সঙ্গে রোম সংবিধির সদস্য অন্য দেশগুলোকেও আইসিসি থেকে সরে আসার আহ্বান জানায়।
 

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প
ছবি : রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভাব্য ১ মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জাপান সরকার কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরাঘাত (আফটারশক) হতে পারে বলে সতর্ক থাকতে বলেছে।