তরুণদের মানবাধিকার, নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্পৃক্ততা বিষয়ে সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘হিউম্যান রাইটস ফ্রম থিওরি টু প্র্যাকটিস’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের (ডিআইএইচআর) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সহযোগিতা করছে রয়্যাল ড্যানিশ এম্বাসি। এতে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।
আয়োজকরা জানান, কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, নীতিমালা, আন্তর্জাতিক কাঠামো ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি অংশগ্রহণমূলক কার্যক্রম, দলীয় আলোচনা ও বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার কৌশল শেখানো হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, অ্যাডভোকেসি, নাগরিক শিক্ষা এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া গল্প ও শিল্পের মাধ্যমে মানবাধিকারের বিষয়গুলো সহজভাবে উপস্থাপনের কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) কর্মশালার শেষ দিনে শিক্ষার্থীরা দলগতভাবে নিজেদের অ্যাকশন প্রজেক্টের পরিকল্পনা প্রস্তুত ও উপস্থাপন করবেন। নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগের পরিকল্পনা তৈরি করবেন তারা।
অভিজ্ঞতা বিনিময়, মূল্যায়ন এবং সফল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মশালার সমাপ্তি হবে।








