• ই-পেপার

গাড়ির তেলের ট্যাঙ্কিতে ২৫ হাজার ইয়াবা!

বাজার করে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি
বাজার করে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে বাজার করে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় উসমান ফকির (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহত উসমান ফকির উপজেলার ধোপাদী গ্রামের উড়োবটতলা এলাকার মৃত শরীয়তুল্লাহ ফকিরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আটক ট্রাকচালক মো. আব্দুল্লাহ (৩৫) খুলনার দৌলতপুর এলাকার আব্দুল খালেক হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাজারের ব্যাগ হাতে উসমান ফকির নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী ‘আরএফএল’ কোম্পানির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে এমদাদুল হক মনা জানান, তার বাবা নওয়াপাড়া থেকে বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সবুজ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, ‘আরএফএল কোম্পানির ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। চালককে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পোলট্রি খামারিদের সহজ শর্তে ঋণসুবিধা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
পোলট্রি খামারিদের সহজ শর্তে ঋণসুবিধা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী টুকু
ছবি : কালের কণ্ঠ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বলেছেন, ‘ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের কৃষিঋণের আদলে সহজ শর্তে ঋণসুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোলট্রিশিল্পকে আরো শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোলট্রি খামারি সমাবেশ ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘ক্ষুদ্র খামারিদের টিকে থাকতে কী কী প্রতিবন্ধকতা রয়েছে, তা আপনারা তুলে ধরেছেন। বিপিআইএর নেতৃবৃন্দ এবং ফিড, কাঁচামাল ও এক দিনের বাচ্চা সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার আলোচনা করেছি। সবাইকে নিয়ে বসে কিভাবে এসব সমস্যা সহনীয় পর্যায়ে আনা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ জন্য উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরো জোরদার করতে হবে। অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ পোলট্রি উৎপাদনে গুরুত্ব দিতে হবে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না।’

‘ফিডের দাম যাতে সহনীয় থাকে, সে বিষয়ে ফিড ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব’, আশ্বাস প্রদান করে প্রতিমন্ত্রী বলেন, ‘পোলট্রি শিল্প বেঁচে থাকলে লাখো মানুষের কর্মসংস্থান হবে এবং দেশের মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকার এ শিল্পকে টিকিয়ে রাখতে এবং আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর।’

সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির আওতায় পোলট্রি খামারিদেরও কৃষি কার্ডের অন্তর্ভুক্ত করা হবে। আগামী বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে কৃষি কার্ড বিতরণ করা হবে। চলতি বছর ৪৩ লাখ কৃষক কৃষি কার্ড পাবেন এবং পর্যায়ক্রমে সব কৃষক ও পোলট্রি খামারিদের এ সুবিধার আওতায় আনা হবে। কৃষি কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুবিধা সহজেই পাবেন।’

বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বয়জার রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, বিপিআইএর কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম সাফির রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপিআইএর বিভিন্ন পর্যায়ের নেতারা।

নাগরিক সমস্যা সমাধান করবে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নাগরিক সমস্যা সমাধান করবে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামকে স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। 

অ্যাপ বাস্তবায়নে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাত থেকে অর্থায়ন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আজ চট্টগ্রাম সিটি করপোরেশনের ইতিহাসে একটি গৌরবময় ও যুগান্তকারী দিন। আমরা এমন এক প্রযুক্তিনির্ভর সময়ে বাস করছি, যেখানে নাগরিক সেবা হাতের মুঠোয় পৌঁছে দেওয়া বিলাসিতা নয়, সময়ের অপরিহার্য দাবি। সেই দাবি পূরণ করতেই ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের যাত্রা শুরু হলো। এটি শুধু একটি অ্যাপ নয়, বরং নাগরিক ও সিটি করপোরশনের মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধন।

অ্যাপের বিষয়ে মেয়র বলেন, আমাদের লক্ষ্য একটি স্মার্ট, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চট্টগ্রাম গড়ে তোলা। নাগরিকরা এখন ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, মশার উপদ্রব, ময়লা আবর্জনা, সড়কবাতি, নর্দমাসহ ১০টি ক্যাটাগরির যেকোনো সমস্যা ছবি তুলে লোকেশনসহ সরাসরি সিটি করপোরেশনকে জানাতে পারবেন। শুধু অভিযোগই নয়, অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে, চলমান নাকি সমাধান হয়েছে, তাও লাইভ ট্র্যাক করা যাবে।

মেয়র আরো বলেন, এই অ্যাপের মাধ্যমে জরুরি সেবা, মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা একটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। একই সঙ্গে অফিসার ড্যাশবোর্ড, ওয়ার্ডভিত্তিক হিট ম্যাপ এবং স্বয়ংক্রিয় টিকিটিং সিস্টেমের মাধ্যমে আমরা দ্রুত বুঝতে পারব কোন এলাকায় কী ধরনের সমস্যা বেশি হচ্ছে। এতে প্রশাসনিক দক্ষতা যেমন বাড়বে, তেমনি নাগরিকদের প্রতি আমাদের জবাবদিহিতাও নিশ্চিত হবে।

চসিক মেয়র বলেন, চট্টগ্রামের প্রতিটি নাগরিককে অনুরোধ করব, গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং নিজের শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সক্রিয় ভূমিকা রাখুন।

সভাপতির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নাগরিকরা শুধু অভিযোগই নয়, উন্নয়ন সংক্রান্ত পরামর্শ, নতুন অবকাঠামোর প্রস্তাব, পার্ক, খেলার মাঠ, ফুটওভারব্রিজ কিংবা হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ে মতামতও এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। একই সঙ্গে বিভিন্ন বিষয়ে নাগরিক মতামত গ্রহণের জন্য এতে পোলিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ অধিকাংশ সেবা সম্পূর্ণ অনলাইনে চালু করার পরিকল্পনা রয়েছে।

পাবনায় পুলিশ মারধরের ঘটনায় গ্রেপ্তার ১১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
পাবনায় পুলিশ মারধরের ঘটনায় গ্রেপ্তার ১১
সংগৃহীত ছবি

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করে মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার পর শুক্রবার (১৭ জুলাই) মধ্যরাত থেকে শনিবার (১৮ জুলাই) ভোর অবধি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি রাশিদুল ইসলাম। আটকদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এর আগে এই ঘটনায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে সুজানগর থানায় উপজেলা ও জেলা শাখার সহ-অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে দুটি মামলা করেছে পুলিশ।

ডিবির ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘মামলার পর শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে এজাহারনামীয় ও কয়েকজন অজ্ঞাতপরিচয় আসামি রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে।’

গাড়ির তেলের ট্যাঙ্কিতে ২৫ হাজার ইয়াবা! | কালের কণ্ঠ