• ই-পেপার

পোলট্রি খামারিদের সহজ শর্তে ঋণসুবিধা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী টুকু

কমলগঞ্জ

পানি কমতেই ধলাইপারে ভাঙন আতঙ্ক

৩০ ফুট সড়কবাঁধ বিলীন  দ্রুত টেকসই সংস্কার দবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
পানি কমতেই ধলাইপারে ভাঙন আতঙ্ক
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, ধসে পড়ছে বাঁধের মাটি। বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপন এলাকায় যাতায়াতের সড়কসহ বাঁধের ৩০ ফুট অংশ নদীতে ধসে পড়ায় নদীতীরবর্তী পাঁচটি ঘর চরম ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। আতঙ্কিত পরিবারগুলো বাঁশের খুঁটি বসিয়ে ঘর রক্ষার চেষ্টা করছে। পানি বাড়লেই ঘরগুলো ধসে পড়বে বলে আশঙ্কা তাদের। এ নিয়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। 

বাঁধটি দ্রুত মেরামতের জন্য উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী।

শনিবার (১৮ জুলাই) সরেজমিন পৌরসভার ৬ নম্বর  ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামে গিয়ে দেখা যায়, ধলাই নদীর তীররক্ষা বাঁধের প্রায় ৩০ ফুট অংশ নদীতে ধসে পড়েছে। বিশাল এলাকা নদীতে চলে যাওয়ায় পাঁচটি পরিবার ঝুঁকিতে পড়েছে। পরিবারগুলো তাদের বসতঘর রক্ষায় বাঁশের খুঁটি দিয়ে ঘরের পেছনের অংশ রক্ষার চেষ্টা করছেন। গত সপ্তাহে বাঁধটি রক্ষার জন্য   এলাকাবাসী মানববন্ধন করে বলে জানায় স্থানীয়রা।

গ্রামটির ক্ষতিগ্রস্ত বাসিন্দা সানু মিয়া বলেন, ধলাই নদীর পানি বাড়ার কারণে কয়েক দিন ধরে বাঁধে ফাটল সৃষ্টি হয়। পানি কমতেই গত বৃহস্পতিবার বাঁধের বিশাল এলাকা নদীতে ধসে পড়ে। আমাদের চলাচলের সড়কসহ ২৫ থেকে ৩০ ফুট পানিতে বিলীন হয়েছে। 

সানু মিয়া আরো বলেন, ‘আমার ঘরটি যেকোনো  মুহূর্তেই ধসে যাবে। এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসন থেকে বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও কেউ আর আসেননি। তাই আমরা নিজেরাই ঘর রক্ষার চেষ্টা করছি।’

আরেক বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘এখানে আমরা ৮-১০টি পরিবার বসবাস করছি। কিন্তু নদীভাঙনের আতঙ্কে এখন আমরা দিন কাটাচ্ছি। আমার ঘরটিও ঝুঁকিতে রয়েছে। আমাদের খবর কেউ নেয় না। দ্রুত বাঁধ মেরামত না করলে সবার ঘর নদীতে বিলীন হবে।’

একই দিন কমলগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব লঙ্গুরপার এলাকায় গিয়ে দেখা যায়, আগের ভাঙন এলাকাটি পানি উন্নয়ন বোর্ড মেরামতের উদ্যোগ নিলেও কাজ বন্ধ রয়েছে। কিছু বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হয়েছে।

ওই এলাকার বাসিন্দা সৌরভ ভৌমিক বলেন, আগের ভাঙনের কারণে বাঁধটি নড়বড়ে রয়েছে। আবার নদীর পানি কমে যাওয়ার পর ভেজা মাটি ধসে পড়তে শুরু করেছে। নতুন করে ১০০ ফুট দূরে শুক্রবার (১৭ জুলাই) আবার নদীপারে বিশাল ফাটল দেখা দিয়েছে। 

কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, ‘ধলাই নদীর পানি কমে যাওয়ার পর লংগুরপাড় গ্রামের প্রতিরক্ষা বাঁধে যে বড় ফাটল ও ভাঙন দেখা দিয়েছে, তা অত্যন্ত আতঙ্কের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, পৌরসভার কুমড়াকাপন এলাকার ভাঙনপ্রবণ অংশ  দ্রুত মেরামত করতে পাউবোকে বলা হয়েছে।  উপজেলার আরো ঝুঁকিপুর্ণ বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার জন্যও আলাপ হয়েছে। তারা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। 

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ কালের কণ্ঠকে বলেন, ‘পৌরসভা এলাকায় বাঁধটি পরিদর্শন করা হয়েছে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া অন্য এলাকার ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত ও প্রকল্প গ্রহণে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ ও অনুমোদন পেলেই কাজ শুরু করতে পারব।’

দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার পাশেই মিলল চালকসহ দুজনের মরদেহ

শেরপুর প্রতিনিধি
দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার পাশেই মিলল চালকসহ দুজনের মরদেহ
ছবি : কালের কণ্ঠ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শেরপুর-নালিতাবাড়ী সড়কের পাশে দুমড়েমুচড়ে যাওয়া একটি অটোরিকশার পাশ থেকে চালক ও এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি কামরুল হোসেনের অটোরিকশায় করে পাঁচগাঁও এলাকার সাগরদী কৃষ্ণপট্টিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।

শনিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার পাশেই চালক ও এক যাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, সড়কের পাশে রাখা বালুর স্তূপে অটোরিকশাটি সজোরে ধাক্কা লেগে অথবা কোনো অজ্ঞাত ভারী যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বিপরীত দিক থেকে আসা কোনো ট্রাক বা বাসের ধাক্কায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে।’

তিনি আরো জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শনিবার দুপুরে মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী

সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে
ছবি: কালের কণ্ঠ

সরকার আগামী ৫ বছরে সারা দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, আগামী ৫ বছরে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করবে সরকার।   

শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ থেকে একসময় প্রচুর খেলোয়াড় বের হয়ে আসত। এখন কিছুটা কমে গেছে। বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। 

আমিনুল হক বলেন, সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। ডিজিটাল ডিভাইস থেকে শিশু-কিশোরদের দূরে রাখা, মাদকমুক্ত সমাজ গড়ার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। এখনকার বাচ্চারা এতই মোবাইল ডিভাইসে আসক্ত যে তারা এখন দেরি করে ঘুমায়। আমরা এই অভ্যাসে পরিবর্তন আনতে চাই। 

ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে জাতীয় শিক্ষাক্রমে নতুন কুড়ি স্পোর্টস টুর্নামেন্ট যুক্ত করা হবে। শিক্ষাক্রম এমনভাবে করা হবে যেন পরীক্ষার ৬০ শতাংশ নাম্বার খেলার মাঠে থাকে। তাহলে অভিভাবকরা নাম্বারের জন্য হলেও শিক্ষার্থীদের মাঠে যেতে বাধ্য করবে। আমরা এভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলা ছড়িয়ে দিতে চাই। 

আমিনুল হক বলেন, খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসিরা কার্যক্রম শুরু করে দিয়েছেন। 

তিনি বলেন, সারা দেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। পাশাপাশি সবার জন্য সাঁতার শেখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে, তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে সংস্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সব করব। এই লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিব প্রমুখ। 

ফিলিং স্টেশনের জমি নিয়ে বিরোধ, দখলের অভিযোগ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ফিলিং স্টেশনের জমি নিয়ে বিরোধ, দখলের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দামুড়হুদা ফিলিং স্টেশনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের মধ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে।

ফিলিং স্টেশনের মালিক শাজাহান আলী অভিযোগ করে বলেন, তার ছোট ভাই সেলিমের সঙ্গে জমি সংক্রান্ত তিনটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তার দাবি, বিরোধপূর্ণ জমির বৈধ কাগজপত্র তার ব্যাংকে জমা রয়েছে এবং ওই কাগজপত্রের ভিত্তিতেই তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন।

তিনি অভিযোগ করেন, মামলাগুলো চলমান থাকা অবস্থায় তার ভাইয়ের কাছ থেকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম ও রুস্তম আলী নামের দুই ব্যক্তি জমি ক্রয় করে দখল নিয়েছেন। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জমি হস্তান্তর ও দখল নেওয়ার বিষয়টি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে শরিফুল আলম বলেন, তিনি ও তার বন্ধু জুড়ানপুর গ্রামের আমেরিকা প্রবাসী রুস্তম আলী শাজাহান আলীর ছোট ভাই সেলিমের কাছ থেকে তার মালিকানাধীন ৯ শতক জমি ক্রয় করেছেন। জমি কেনার পর দীর্ঘদিন ধরে তারা দখল বুঝে পাননি।

তিনি দাবি করেন, এ বিষয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছে। তাদের সঙ্গে শাজাহান আলীর কোনো বিরোধ নেই। জমির বিক্রেতা সেলিম শনিবার তাদের কাছে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

এ বিষয়ে সেলিম বলেন, তার বড় ভাই শাজাহান আলী জমিটি নিলামে ক্রয় করার পর ২০১৪ সালে ৯ শতক জমি তার কাছে বিক্রি করেন। সম্প্রতি তিনি ওই জমির নিজের অংশ শরিফুল আলম ও রুস্তম আলীর কাছে বিক্রি করেছেন এবং শনিবার তাদের দখল বুঝিয়ে দিয়েছেন।