হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বরাগনগর থেকে সোয়েব আহমদ (৩৫) নামে এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত সোয়েব আহমদ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরাগনগর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
নিহতের রহস্যজনক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।






