• ই-পেপার

'সন্ত্রাস করে নয় আদর্শ দিয়ে ইসলাম কায়েম করতে হবে'

বর্ষা ভেবে গ্রীষ্মে ফুটল কদম ফুল

আইয়ুব আলী, শেরপুর (বগুড়া)
বর্ষা ভেবে গ্রীষ্মে ফুটল কদম ফুল
বগুড়ার শেরপুরে বর্ষার আগেই গাছে গাছে শোভা পাচ্ছে কদম ফুল। মঙ্গলবার উপজেলার সাধুবাড়ী গ্রামের একটি বাগানে। ছবি: কালের কণ্ঠ

‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান’ - রবীন্দ্রনাথ এই গান রচনা না করলেও এটা কারো অজানা নয় যে, ফুলটি বর্ষায় ফোটে। তবে ব্যতিক্রম দৃশ্য হাজির হয়েছে বগুড়ার শেরপুরে। ঋতু হিসেবে বর্ষা আসতে প্রায় সপ্তাহ দুই বাকি। অথচ এরই মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে কদমের ডালে ডালে শোভা পাচ্ছে ফুলটি। 

এদিকে, গাছে গাছে কদম ফুল ফুটতে দেখে অনেকে দৃশ্যগুলোকে বর্ষার আগমনী বার্তা হিসেবে গ্রহণ করছে। তবে কেউ কেউ রসিকতা করে এটাও বলছে, এপ্রিলে শুরু হওয়া ঘন ঘন বৃষ্টি হওয়ায় গ্রীষ্মকে বর্ষা ভেবে ভুল করে ডালে ডালে হাজির হয়েছে কদম ফুল।  

তবে যা-ই হোক, ফুলটি বর্ষাকালে ফোটে- এটি সবাই জানে। এজন্য এ ফুলকে বর্ষাদূতও বলা হয়। তাইতো শিল্পীও গেয়ে ওঠে, ‘আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে’। কিন্তু গান-কবিতার এইসব কথা এখন আর পুরোপুরি মিলছে না। ছয় ঋতুর এই দেশ এখন আর নির্ধারিত সময় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। প্রাকৃতিক ঋতুবৈচিত্র্যের সীমাবদ্ধতার নিয়ম ভেঙে দেশের অনেক জায়গায়  গ্রীষ্মেই ফুটেছে বর্ষার আগমনী বার্তা বহনকারী ফুল। 

বুধবার (৩ জুন) শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ীসহ বেশকিছু এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কদম গাছ ছেয়ে গেছে ফুলে ফুলে। গোল, পুষ্পাধারে সরু ফুলের বিকীর্ণ বিন্যাস। তার সাদা-হলুদে মেশা মঞ্জরির সৌন্দর্যে আকৃষ্ট হয়ে শিশুরা গাছ থেকে সংগ্রহ করছে ফুল। 

উপজেলার বিভিন্ন গ্রাম ও গ্রামীণ সড়ক, খাল-বিলের তীর, শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে কদম গাছের উপস্থিতি রয়েছে। সেসব গাছের ডালে  ফুটে থাকা ফুলের সমাবেশ দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে। কোনো কোনো স্থানে ভোরের আবহে ফুলগুলো আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এর সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। তাই তা উপভোগ করতে অনেকে গাছের নিচে ভিড় করছে, স্মৃতিবন্দি করতে তুলছে ছবিও।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত বর্ষা এলেই কদম ফুল প্রকৃতিকে ভিন্ন এক রূপ দিতো। এর সৌন্দর্য মনকে প্রশান্তি দিতো,  যা বছরের অন্য সময় চোখে পড়তো না। তবে এখন ঋতুর প্রকৃতি পাল্টে যাচ্ছে। এমনকি বর্ষা আসার আগেই এই ফুল ফুটছে। 

প্রকৃতিপ্রেমী গোলাম রব্বানী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে কদম গাছসহ দেশি গাছ রোপণের উদ্যোগ বাড়ানো প্রয়োজন। তার মতে, দেশি গাছপালা সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মও এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে।

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুলিশ অভিযান চালিয়ে মহিদুল খান(২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় সিংহখালী গ্রাম থেকে ওই মাদককারবারিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে মজুদকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার মহিদুল পিরোজপুরের শংকরপাশ ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহজাহান খানের ছেলে।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বাঞ্ছারামপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ সিদ্দিকুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের টহল টিম উপজেলার আব্দুল আজিজের বাড়ির সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানোর একপর্যায়ে সিদ্দিকুর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়।

সিদ্দিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল গ্রামের আতিকুর রহমানের ছেলে। তার সঙ্গে থাকা দুই সঙ্গী অমিত (২৩) ও লিমন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, উদ্ধার অস্ত্র, গুলি ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারসহ পালিয়ে যাওয়া দুজনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

মুন্সীগঞ্জে মাদকসহ আটক ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদকসহ আটক ৬

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি টিম অংশগ্রহণ করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে ২টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জের উপপরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, র‍্যাব-১০ সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেজর চার্লস, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান।

'সন্ত্রাস করে নয় আদর্শ দিয়ে ইসলাম কায়েম করতে হবে' | কালের কণ্ঠ