সারাদেশে আগামী পাঁচ দিন অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টির মধ্যেও দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রোববার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। তবে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার সন্ধ্যা থেকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ ও সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার (১৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা কম থাকবে।
মঙ্গলবার (১৯ মে) ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (২০ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (২১ মে) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।
প্রথম দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ১৯ মে থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং ২০ মে দিন ও রাত—উভয় তাপমাত্রা দেশের সর্বত্র কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২১ মে থেকে তাপমাত্রা আবার অপরিবর্তিত রূপ নিতে পারে।
আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
এদিকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে সোমবার সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। রোববার রাত ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অফিস।
এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।





