এবার বিশ্বকাপে বেশ কয়েকটি নিয়মের প্রয়োগ ঘটিয়েছে ফিফা। তেমনি এক নিয়মের বেড়াজালে প্রথমবার লাল কার্ড দেখতে হয়েছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে। শেষ আটে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ৭২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় পড়ে যান এমবোলো। সেটিকে বড় ধরনের ফাউল ভেবে রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখান। কিন্তু ভিএআর স্ক্রিনে দেখা যায় দুজনের মধ্যে পায়ের কোনো সংযোগ ঘটেনি, মিথ্যা ‘ডাইভ’ দিয়েছেন এমবোলো। পরে পারেদেসের হলুদ কার্ড বাতিল করে তা দেখানো হয় এমবোলোকে। ম্যাচের ৪৪ মিনিটে তিনি আরেকটি হলুদ কার্ড দেখেছিলেন, তাই স্বাভাবিক নিয়মেই সেটি হয়ে যায় লাল কার্ড।
ফিফার ‘ভুল খেলোয়াড় শনাক্তকরণ’ বিষয়ক নিয়মে বলা আছে, ফাউল লাভের জন্য কোনো খেলোয়াড় মিথ্যা ‘ডাইভ’ দিলে তাঁকে হলুদ কার্ড দেওয়ার পরামর্শ দেবে ভিএআর। এ জন্য প্রতিপক্ষকে দেওয়া শাস্তি আরোপ হবে তাঁর ওপরেই। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে এ নিয়মের প্রথম প্রয়োগ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের টিম রিমের পাওয়া হলুদ কার্ড ভিএআর দেখে প্যারগুয়ের মিগুয়েল আলমিরনকে দেওয়া হয়। বিবিসি