বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের আনন্দ আর উন্মাদনা। মাঠে খেলোয়াড়দের লড়াই আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত বাংলাদেশ। দেশের ফুটবলপ্রেমীরা পরছে পছন্দের দলের জার্সি, টাঙিয়েছে পতাকা। এ ছাড়া পছন্দের দলের সমর্থনে চলছে মিছিল, শোডাউন। ফেসবুক পোস্ট কমেন্টে নিজের দলকে সামনে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই। তবে বাংলাদেশে ফুটবল উন্মাদনার আড়ালে চলছে কথা-কাটাকাটি, এমনকি সংঘর্ষের মতো অপ্রীতিকর ঘটনাও। বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরত্বের খেলাকে কেন্দ্র করে দেশে হতাহতের ঘটনাও ঘটেছে। পতাকা টাঙানো কিংবা খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিহতদের মধ্যে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, স্ট্রোক, খেলা দেখা নিয়ে সংঘর্ষ এবং পছন্দের দল হেরে যাওয়ায় অভিমানে আত্মহত্যার ঘটনা দেখা গেছে। এতে খেলার আনন্দ পরিণত হয়েছে বেদনাদায়ক শোকের ঘটনায়। আমাদের উচিত ফুটবল বিশ্বকাপকে শুধুই বিনোদনের মাধ্যম হিসেবে নেওয়া এবং এই খেলা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ও আবেগতাড়িত হয়ে সংঘর্ষে জড়িয়ে না পরা। বিশ্বকাপ ফুটবল হোক শুধুই সুস্থ বিনোদনের মাধ্যম।
আল-আমিন ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া




