• ই-পেপার

গফরগাঁওয়ে স্বপ্ন দেখাচ্ছেন সুলভ ফরাজী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
সংগৃহীত ছবি

দেশের যেসব এলাকায় কৃষকরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

শনিবার (১১ জুলাই) সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।’

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেছেন, ‘কুমিল্লার  পরিবেশ সংরক্ষণ রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার এ কর্মসূচিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। আমরা আশা করছি, মেলার সর্বস্তরের মানুষ আসবেন এবং তাদের পছন্দের বৃক্ষ ক্রয় করবেন।

এর আগে তিনি মেলার উদ্বোধনী উপলক্ষে একটি  বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং র্যালি শেষে বিভিন্ন মেলার বিভিন্ন ফলজ ও বনজ স্টল পরিদর্শন করেন।  

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা। 

 

 

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান জোরদার করে। ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিন ব্যক্তি ও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

​শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে একজন বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

​স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোররাতে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে দিয়ে বিএসএফ সদস্যরা ওই তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে সীমান্তের পাহারায় থাকা স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে তাদের আটকে দেয় এবং বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থান জোরালো করে।

​আটক ব্যক্তিদের মধ্যে এক বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তাঁর বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

​স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম জানান, ভোরে বিএসএফ তিনজনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা একজোট হয়ে তা প্রতিহত করে। পরে বিজিবিকে বিষয়টি জানানো হয়। 

​সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিজিবি ও বিএসএফের সদস্যরা ওই তিন ব্যক্তিসহ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসনে ও তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
 

শাহজালালের মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা

অনলাইন ডেস্ক
শাহজালালের মাজারে চলছে দানবাক্সের টাকা গণনা
সংগৃহীত ছবি

দ্বিতীয় বারের মতো সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়।

গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির বৈঠকে দানবাক্সের টাকা দ্বিতীয় দফায় গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই আলোকে শনিবার প্রকাশ্যে টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনায় অংশ নিয়েছেন মাদরাসার শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা মাজার এলাকায় অবস্থান করছেন।

 

শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি
শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

পাবনায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তুহিন খা (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকার একটি মসজিদের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় একটি গামছা পেঁচানো ছিল।

নিহত তুহিন খা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। তার শ্বশুর আবতার হোসেন নলদহ লালগোলা এলাকার বাসিন্দা এবং দুবাইপ্রবাসী। তুহিনের স্ত্রীর নাম আফসানা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে স্ত্রী আফসানা খাতুনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। শনিবার সকালে স্থানীয়রা মসজিদের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, মরদেহের গলায় একটি গামছা পেঁচানো ছিল। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তুহিন মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি মাদকাসক্ত ছিলেন এবং নেশাজাতীয় দ্রব্য সেবনকে কেন্দ্র করে শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে তার বিরোধ হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুহিন রাতে মসজিদের বারান্দায় আত্মহত্যা করেন। রাত ২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও তখন মরদেহ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশের ধারণা, ঘটনার পর কেউ মরদেহ ডোবায় ফেলে রেখে যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গফরগাঁওয়ে স্বপ্ন দেখাচ্ছেন সুলভ ফরাজী | কালের কণ্ঠ