ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কালকে ছাত্রলীগের পক্ষ হয়ে অনেকে নিউজ করছেন। তাদের প্রতি অনেক মায়াকান্না দেখিয়েছেন। এই সাংবাদিক এখানেও অনেকে আছে। আমরা তাদের জড়ো করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার সময় রাকসু ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। গত সোমবার বিকেলে সাবেক ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন শিক্ষার্থীর রাকসু কার্যালয়ে হামলার ঘটনায় এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সাংবাদিকদের শব্দ প্রয়োগে হুঁশিয়ারি দিয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘সাংবাদিকরা যে শব্দগুলো ব্যবহার করেন, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আপনারা কালকে ছাত্রলীগকে ডিফেন্স করে অনেকে নিউজ করেছেন। আপনারা বলছেন আমরা হামলা করেছি। এটা কোন ধরনের কথা? তারা হামলা করেছে, আমরা প্রতিরোধ করেছি। আপনারা ‘হামলা’ শব্দটি বলতে এত কাপাকাপি করেন কেন?’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে হামলায় শিক্ষার্থীদের থেকে সাংবাদিকদের মাথা ব্যাথা বেশি উল্লেখ করে রাকসু ভিপি বলেন, ‘আপনারা বলছেন, লাইব্রেরিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আমরা বের করে এনেছি, এতে ২০-২৫ মিনিট তাদের পড়াশোনা নষ্ট হয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী তো আমাদের বলেনি যে, ভাই আপনারা আমার ২০-২৫ মিনিট নষ্ট করে দিয়েছেন। সাংবাদিকরাই বিষয়টিকে অতিরঞ্জিত করছেন। মনে হচ্ছে, তারা ২৪ ঘণ্টাই পড়াশোনা করে, আর ওই ২০-২৫ মিনিট নষ্ট হওয়াই সবচেয়ে বড় বিষয়।’
তিনি বলেন , ‘লাইব্রেরির শিক্ষার্থীরা অভিযোগ না দিলেও ছাত্রদল লাইব্রেরির শিক্ষার্থী হিসেবে মানববন্ধন ডেকেছে। কী উদ্দেশে ডেকেছে এর উত্তর ছাত্রদল দিতে পারবে। আমার জিএস ভুক্তভোগী আম্মার বলেছেন, রাকসু ভবনে হামলার ঘটনায় যতজন ছাত্রলীগ ছিল তার চেয়ে বেশি ছাত্রদল ছিলো। শিক্ষার্থীদের উপর যেই হামলা করুক আমরা ব্যাবস্থা নিব। প্রশাসন বিএনপিপন্থী বলে ছাত্রদলের বা শিবিরের বিচার হবে না এমন নয়।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস এসএম সালমান সাব্বির, মিডিয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান এবং তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব।




