• ই-পেপার

জাবিতে ‘জুলাই স্মৃতি ফলক’ উদ্বোধন

জুলাই বিপ্লব প্রমাণ করেছে, শেখ হাসিনার বিকল্প ছিল : তাজুল ইসলাম

রাবি প্রতিনিধি
জুলাই বিপ্লব প্রমাণ করেছে, শেখ হাসিনার বিকল্প ছিল : তাজুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য দিচ্ছেন তাজুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে শেখ হাসিনা বিকল্পহীন ছিলেন—এমন ধারণা সঠিক ছিল না। তিনি বলেন, ‘একজন সাধারণ রিকশাচালকের ২২ বছর বয়সী ছেলেও দেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে।’

মঙ্গলবার (১৪ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান : সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রীর পদ থেকেই নয়, বরং তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর বড় অংশও দেশ ছেড়ে চলে যায়। ভবিষ্যতে সমাজবিজ্ঞানীরা এ ঘটনাকে ‘দ্য গ্রেট মাইগ্রেশন অব ফ্যাসিস্ট’ নামে অভিহিত করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকে ১২০৩ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির আগমনের সময় লক্ষণ সেনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘ইতিহাসে ক্ষমতাসীনদের আকস্মিক পতনের এমন দৃষ্টান্ত বিরল নয়।’

জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে তাজুল ইসলাম বলেন, ‘গত ৫৩ বছরে রাষ্ট্রব্যবস্থার অবক্ষয়, বাকশাল, রক্ষীবাহিনীর নির্যাতন এবং রাজনৈতিক কর্মীদের হত্যার মতো ঘটনার কারণে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। মানুষের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেই এই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।’

গুমের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘গুমের শিকার ব্যক্তিদের রাস্তা বা কর্মস্থল থেকে সাদা কিংবা কালো পোশাকধারীরা মাইক্রোবাসে তুলে নিয়ে যেত। এরপর তাদের ওপর বৈদ্যুতিক শক, ভারী হাতুড়ি দিয়ে আঘাত, আঙুলে সুচ ফোটানো, যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়াসহ বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হতো। অনেককে হত্যার পর লাশ নদী বা সমুদ্রে ফেলে দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।’

বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বিচারব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সুপ্রিম কোর্টের বিচারকরা নিজেদের শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করতেন এবং ম্যাজিস্ট্রেটরা নির্যাতনের বিষয়টি জেনেও রিমান্ড মঞ্জুর করতেন। শেখ হাসিনা মনে করতেন তাঁর কোনো বিকল্প নেই। কিন্তু জুলাই বিপ্লব প্রমাণ করেছে, শেখ হাসিনার বিকল্প ছিল।’

সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘জুলাই-আগস্ট ২০২৪-এর মূল উদ্দেশ্য ছিল স্বৈরশাসনের অবসান এবং সেই লক্ষ্য অর্জনে ছাত্র-জনতার ঐক্য শতভাগ সফল হয়েছে। ১৬ বছর ধরে টিকে থাকা একটি স্বৈরশাসনের পতন কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আজকের বাংলাদেশে প্রফেসর ইউনূসকে সমালোচনা করা সবচেয়ে সহজ। অথচ সেই সময় তাঁর কোনো বিকল্প ছিল না। তিনি নিখুঁত নন, তাঁর সরকারের ভুল থাকতে পারে। কিন্তু দেশের সব সমস্যার দায় তাঁর ওপর চাপিয়ে স্বৈরাচারকে ফিরিয়ে আনার একটি বয়ান তৈরি করা হচ্ছে।’

জুলাই-আগস্ট আন্দোলনের অর্জনের কথা তুলে ধরে অধ্যাপক নকীব বলেন, ‘এই আন্দোলনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো- ভাষাহীন মানুষ ভাষা খুঁজে পেয়েছে। মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। স্বৈরাচারের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। এখন প্রয়োজন রাষ্ট্র ও আইনি সংস্কার। আইন তখনই কার্যকর হয়, যখন সঠিক মানুষ সঠিক জায়গায় থাকে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্মৃতিস্তম্ভ নির্মাণ, স্মৃতি কর্নার স্থাপনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই স্মৃতি কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, স্মৃতি কর্নার স্থাপনের লক্ষ্যে চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক ও ভারপ্রাপ্ত গ্রন্থাগারিককে সদস্যসচিব করে পৃথক আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও অনুষদ নিজ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। পাশাপাশি, গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

একই সভায় প্রতি বছর ১৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘উইমেন্স ডে’ উদ্‌যাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, অফিস প্রধানগণ এবং ডাকসু ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক
এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
সংগৃহীত ছবি

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ১৩ জুলাই সকালের পরীক্ষা চলাকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে মারাত্মক ত্রুটি/অসংগতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি/অসংগতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি/অসংগতি যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল এবং এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি/অসংগতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্রপ্রাপ্তির ৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। 

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্তরা হলেন— শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

প্রশ্ন আমরা করিনি, বিগত সরকার করেছে : পদার্থবিজ্ঞানের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রশ্ন আমরা করিনি, বিগত সরকার করেছে : পদার্থবিজ্ঞানের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন ভুল হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি সংসদে জানিয়েছেন, প্রশ্নটি বর্তমান সরকার নয়, বিগত সরকারের সময় প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

স্পিকারের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি জানেন যে প্রশ্ন মডারেট করতে হলে এই প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো প্রশ্ন তৈরি করিনি। বিগত সরকারের যে মডারেটর ছিল তারাই এই প্রশ্ন করেছে।’ 

তিনি বলেন, ‘তবু আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি, ফিজিকসের (পদার্থবিজ্ঞান) ৬ ও ৭ নম্বর প্রশ্নে আমরা ফুল ক্রেডিট (পূর্ণ নম্বর) দিয়ে দেব।’