• ই-পেপার

ডিরেগুলেশনের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ছে সরকার : অর্থমন্ত্রী

সরকারকে অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

নিজস্ব প্রতিবেদক
সরকারকে অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান ঢাকা চেম্বারের

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সই এবং অর্থনৈতিক কূটনীতি আরো জোরদারের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

মঙ্গলবার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান।

বৈঠকে তাসকীন আহমেদ বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এ পরিস্থিতিতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যিক সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সইসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে সরকারের অর্থনৈতিক কূটনীতি কার্যক্রম আরো শক্তিশালী করতে হবে।

বিশেষ করে আফ্রিকার দেশগুলোর সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং, কৃষি, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সরাসরি পেমেন্ট ব্যবস্থাকে সহজ করার ওপর গুরুত্বারোপ করেন ডিসিসিআই সভাপতি।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আফ্রিকাসহ সম্ভাবনাময় বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক বাণিজ্য চুক্তি সইয়ের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি মনে করেন, এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে।

তিনি আরো বলেন, আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল, সিরামিকসহ বিভিন্ন পণ্যের উল্লেখযোগ্য বাজার সম্ভাবনা রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে দেশীয় উদ্যোক্তাদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগ) ড. সৈয়দ মুনতাসির মামুন উপস্থিত ছিলেন।

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় লাফ

অনলাইন ডেস্ক
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় লাফ
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নামার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে সোনার দাম। মঙ্গলবার (১৪ জুলাই) স্পট গোল্ড বা স্পট সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১.৩৮ ডলারে দাঁড়ায়। অথচ আজ দিনের শুরুতেই ধাতুটির দাম কমে গত ১ জুলাইয়ের পর সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। খবর রয়টার্স

এদিকে মার্কিন বাজারে আগামী আগস্টে সরবরাহের চুক্তিভিত্তিক সোনার (গোল্ড ফিউচার্স) দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৯.২০ ডলারে কেনাবেচা হচ্ছে।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্দো ইভাঞ্জেলিস্টা বলেন, ‘টানা বাড়ার পর আজ মার্কিন ডলারের সূচক কিছুটা কমেছে। মূলত ডলারের এই সাময়িক পতনের কারণেই সোনার দাম আজ কিছুটা ঊর্ধ্বমুখী।’

আজ আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমেছে। ডলারের দাম কমলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত সোনা কেনা সাশ্রয়ী হয়, ফলে সোনার চাহিদাও বাড়ে।

বিনিয়োগকারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন জুনের মার্কিন মূল্যস্ফীতির (সিপিআই) তথ্যের জন্য। একই সঙ্গে আজই মার্কিন কংগ্রেসে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ারশ তার প্রথম অর্ধবার্ষিক বক্তব্য দেবেন।

বিশ্লেষক ইভাঞ্জেলিস্টা সতর্ক করে বলেন, ‘মূল্যস্ফীতির হার যদি ৩ দশমিক ৮ শতাংশের ওপরে চলে যায়, তবে ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়ানোর পক্ষে অবস্থান নিতে পারে। আর এমনটা হলে সোনার দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি হবে।’

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের চড়া দাম মূল্যস্ফীতির উদ্বেগকে আরো উসকে দিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেড যদি সুদের হার দীর্ঘ সময় ধরে চড়া রাখে, তবে সোনার দাম ধরে রাখার আকর্ষণ কমে যাবে। কারণ সোনা থেকে সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না।

এর আগে গত কার্যদিবসে স্পট সোনার দাম প্রায় ৩ শতাংশ কমেছিল, যা ছিল এক মাসেরও বেশি সময়ের মধ্যে এক দিনে সবচেয়ে বড় পতন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় তেলের দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ে সোনার বাজারে।

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে তেলের দাম গত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে সোমবার (১৩ জুলাই) ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন, মূল্যস্ফীতি যদি তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ শতাংশের চেয়ে অনেক ওপরে থাকে, তবে কেন্দ্রীয় ব্যাংককে ‘নিকট ভবিষ্যতেই’ সুদের হার বাড়াতে হতে পারে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা এখন আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৭৬ শতাংশ ধরে নিচ্ছেন।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। আজ আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার বা রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭.৯০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৫৪.৫২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৯৯.৪৩ ডলারে নেমেছে।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

এদিকে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এক দিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে

অনলাইন ডেস্ক
এক দিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে একই দিনে শেয়ার কিনে আবার সেদিনই বিক্রি করার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় শেয়ার দিনে দিনে লেনদেন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দুটিকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে টি+২ সেটলমেন্ট সাইকেল বা নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর রয়েছে। এ কারণে এত দিন শেয়ার কিনে বিক্রির জন্য দুই কর্মদিবস সময় লাগত। জেড ক্যাটাগরির শেয়ার কিনে বিক্রির জন্য সময় লাগত মোট তিন কর্মদিবস।

সোনার দামে টানা পতন, দুই দফায় ভরিতে কমল কত টাকা?

নিজস্ব প্রতিবেদক
সোনার দামে টানা পতন, দুই দফায় ভরিতে কমল কত টাকা?
সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা কয়েক দফা ওঠানামার পর অবশেষে সাধারণ ক্রেতা ও জুয়েলারি ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ পাঁচবারের দাম সমন্বয়ে চারবারই কমানো হয়েছে মূল্যবান ধাতুটির দাম।

যার মধ্যে সর্বশেষ টানা দুই দফায় ভরিতে মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়েছে সংগঠনটি। সোমবার (১৩ জুলাই) দাম কমানোর পর মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দ্বিতীয় দফায় নতুন করে ভরিতে আরো ২ হাজার ১৫৮ টাকা কমল। যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। সোনার অলঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে সর্বশেষ সোমাবার সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯১ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৬ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২৮ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।