ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বাড়ির সিঁড়িতে নবজাতক ছেলে শিশু পাওয়া গেছে। শিশুটির বয়স ২ থেকে ৩ দিন হতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করলে ঘটনাস্থলে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়।
পরে ওই শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির পরিচয় জানতে এবং কে বা কারা এ কাজটি করেছে- সেটা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামের ফাইজুল ইসলামের মাদারী বাড়িতে শিশুটিকে পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে কে বা কারা বাড়ির দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে নবজাতক শিশুটিকে রেখে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা শিশুর কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে তাকে দেখতে পান। পরে তারা শিশুটিকে প্রাথমিক পরিচর্যা করেন।
এদিকে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা শিশুটিকে দেখতে ভিড় করেন। অনেকেই শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করলে সেখানে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, ওই নবজাতক সুস্থ রয়েছে। তার পরিচয় শনাক্ত, চিকিৎসা এবং দত্তক সংক্রান্ত বিষয়ে আগামীকাল সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। পরিচয় শনাক্ত না হলে প্রচলিত আইন অনুযায়ী আবেদনকারীদের যাচাই-বাছাই করে যোগ্য দম্পতির কাছে শিশুটিকে দত্তক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, যদি কেউ শিশুটিকে দত্তক নিতে চান, তবে সমাজসেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিশুটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।




