• ই-পেপার

বাড়ির সিঁড়িতে নবজাতক রেখে গেল কারা, খুঁজছে পুলিশ

  • দত্তক নিতে আগ্রহীদের ভিড়

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার যুবক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার যুবক

নারায়ণগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর থানার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. আনন্দ ময়মনসিংহের কোতোয়ালি থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় থাকেন।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, আনন্দ দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার গৌরিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের চৌকস একটি ট্রিম গোপন সংবাদের ভিত্তিতে গৌরিপুর গ্রামে একটি চায়ের দোকানে অভিযান চালান। এসময় দোকানটির মালিক ও স্থানীয় বাসিন্দা মো. রহম আলম (৪৬) কে আটক করা হয়। তিনি মৃত আক্কাস আলী মন্ডলের ছেলে এবং রঙ্গীলা বেওয়ার সন্তান।

অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ দশমিক ১ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারে আনসার-ভিডিপির ত্রাণ

অনলাইন ডেস্ক
বাঁশখালীতে বন্যাদুর্গত ৪০০ পরিবারে আনসার-ভিডিপির ত্রাণ
সংগৃহীত ছবি

টানা বর্ষণ ও বন্যায় প্লাবিত চট্টগ্রামের বাঁশখালীর তিন ইউনিয়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (১৪ জুলাই) বাহিনীর মহাপরিচালকের আহ্বানে সাড়া দিয়ে নিজস্ব অর্থায়নে ৪০০ দুর্গত পরিবারের মাঝে এই জরুরি ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সরল ইউনিয়নে দলনেতা মো. নুর হোসেনের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহাব উদ্দিন ও জমির উদ্দীনসহ স্থানীয়রা ১৫০টি পরিবারকে সহায়তা করেন। সেখানে জরুরি শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।

অন্যদিকে, শেখেরখীল ও চনুয়া ইউনিয়নের ২৫০টি বিপন্ন পরিবারকে সাহায্য করেন কাথারিয়ার দলনেতা মোহাম্মদ জহিরুল আবেদীন, পুকুরিয়ার দলনেতা নিপ্পন কান্তি দে এবং গন্ডামারার ভিডিপি সদস্য সীমা সুশিল। তারা চাল, ডাল, আলু, পেঁয়াজ, শুকনো খাবার ও নগদ অর্থ পৌঁছে দেন।

দুর্যোগের এই কঠিন সময়ে তৃণমূল সদস্যদের নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ ও সহায়তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।

বাঁশখালীর এই মানবিক প্রয়াস প্রমাণ করে যে সংকটে সাধারণ মানুষের বড় ভরসা তৃণমূলের আনসার-ভিডিপি সদস্যরা। দুর্যোগ মোকাবিলায় আনসার ও ভিডিপির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে সেবার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা
পাবনায় ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

পাবনার ফরিদপুরে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সিলভার রঙের একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জেলা পুলিশ।

গ্রেপ্তার মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ জানায়, জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর থানাধীন গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন সিলভার রঙের প্রাইভেট কারকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে এর পেছনের ডালার ভেতর থেকে সাদা রঙের ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পলিথিন ও নেটের ব্যাগে মোড়ানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অপরাধে প্রাইভেট কারের চালক ও মাদক কারবারি মিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, মাদকের এ চালানটি চুয়াডাঙ্গা থেকে পাবনা-সিরাজগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।