• ই-পেপার

বন্যা পরিস্থিতিতে ৫ জেলার আলিম পরীক্ষা স্থগিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কাল

অনলাইন ডেস্ক
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কাল

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল। ওই দিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৪৯৮টি, বিজ্ঞান ইউনিটে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৯৯৭টি আসন রয়েছে।

ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১৭ জুলাই দুই শিফটে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ হতে হলে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এ ছাড়া কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ হাজার ২৪৪ জন এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৩ হাজার ৩৬৫ জন। সব মিলিয়ে প্রতি আসনের বিপরীতে প্রায় ৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রথমবারের মতো প্রভাব র‌্যাংকিংয়ে স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

কাজল আর্য, টাঙ্গাইল
প্রথমবারের মতো প্রভাব র‌্যাংকিংয়ে স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন প্রভাব র‌্যাংকিংয়ে স্থান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত এ র‌্যাংকিংয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী ১০০১-১৫০০ ব্যান্ডে স্থান লাভ করেছে। একই সঙ্গে বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

এবারের র‌্যাংকিংয়ে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা)-এ ভাসানী বিশ্ববিদ্যালয় ৩০১-৪০০ ব্যান্ডে স্থান লাভ করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থান অর্জন করেছে। এ সূচকে বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৩। এ ছাড়া এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো)-এ বিশ্ববিদ্যালয়টি যথাক্রমে ৬০১-৮০০ ব্যান্ডে এবং এসডিজি-১১ (টেকসই নগর ও জনপদ)-এ ৪০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে।

র‌্যাংকিংয়ে প্রকাশিত অন্যান্য সূচকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ৪১ শতাংশ নারী এবং ৫৯ শতাংশ পুরুষ। এ ছাড়া প্রতি শিক্ষক অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা ১৭.১।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন উচ্চশিক্ষা র‌্যাংকিংয়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে ভাসানী বিশ্ববিদ্যালয়। এর আগে দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১২০১-১৫০০ ব্যান্ডে স্থান লাভ করেছে এবং গবেষণার গুণমান সূচকে বিশ্বে ৭৪৬ তম অবস্থান অর্জন করেছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫- এ ৮৫১-৯০০ ব্যান্ডে স্থান লাভের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে এশিয়ায় ১৩৭তম এবং শিক্ষক পিছু গবেষণাপত্র সূচকে বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে সাইমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিং (এসআইআর) ২০২৬- এ বাংলাদেশের ৪৭টি তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বিশ্বে ১৯৩০তম এবং সামাজিক অবস্থান সূচকে ৯০৪তম স্থান অর্জন করেছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, ‘প্রভাব র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান অর্জন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের ও অনুপ্রেরণার। এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গবেষক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। ভবিষ্যতেও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রেখে মাভাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

তিনি এ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, সহযোগী প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাওয়া কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‌্যাংকিং কমিটির সদস্যদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রতীকী ছবি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বোর্ড থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বোর্ড।

প্রাথমিক বৃত্তির ফল ফাঁস করা সেই কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস করা সেই কর্মকর্তা বরখাস্ত
সংগৃহীত ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ফাঁস হওয়ার ঘটনায় মেহতাব কায়েস নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েবপোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হলো। 

এতে আরো বলা হয়, ওয়েবপোর্টালে আপলোডের তারিখ গতকাল বৃহস্পতিবার থেকে বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে আদেশ জারি করা হলো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ বৃত্তির ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছিল।