আরববিশ্বের প্রখ্যাত আরবি ভাষাবিজ্ঞানী শায়খ ড. মাজিন আবদুল কাদির আল-মুবারক ইন্তেকাল করেছেন। তিনি সিরিয়ার বিখ্যাত ভাষাবিজ্ঞানী ও ‘শাইখুন নুহাত’ তথা আরবি ব্যাকরণবিদদের পুরোধা হিসেবে পরিচত। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর।
শনিবার (২৫ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সিরিয়ার শিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আরবি ভাষা একাডেমি। এ ছাড়া তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিরিয়ার গ্র্যান্ড মুফতি শায়খ উসামা আর-রিফায়ি।
ড. মাজিন আবদুল কাদির ১৯৩০ সালে সিরিয়ার দামেশকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা শায়খ আবদুল কাদির ছিলেন তৎকালীন দামেস্কেকে আরবি ভাষা ও ইসলামী শরিয়াহ বিষয়ক বড় পণ্ডিত। তার ভাই ছিলেন মুহাম্মদ আল-মুবারকও দামেশকের আরবি ভাষা একাডেমির অন্যতম সদস্য ছিলেন।
দামেস্কেকের বড় বড় আলেমদের কাছে ড. মাজিন পড়াশোনা করেন। তিনি ১৯৫২ সালে দামেশক বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। পরে টিচার্স কলেজ থেকে শিক্ষা বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি শায়খ সাঈদ আফগানি, শায়খ মুস্তফা আজ-জারকা, শায়খ মুহাম্মদ বাহজাহসহ প্রখ্যাত আলেমদের সান্নিধ্যে পড়াশোনা করেন। পরে দামেশকের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
১৯৫৪ সালে শিক্ষবৃত্তি নিয়ে মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং সেখান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬০ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর পিএচইডি গবেষণার বিষয়বস্তু ছিল- ‘আর-রুম্মানি আন-নাহবি ফি দাওয়ি শরহিহি লিকিতাবি সিবাওয়াইহি’। ১৯৬৫ সালে সিরিয়ায় ফিরে দামেশক বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষকতা করেন।
ড. মাজিন আবদুল কাদির অ-আরবি ভাষীদের আরবি ভাষা পাঠদানের অন্যতম উদ্যোক্তা ছিলেন। এই লক্ষ্য বাস্তবায়নে দামেশ বিশ্ববিদ্যালয়ের আওতায় তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন।
পরবর্তীতে বিভিন্ন সময় তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয়, লেবানন বিশ্ববিদ্যালয়, কাতার বিশ্ববিদ্যালয়, দুবাই ইসলামিক কলেজসহ অনেক প্রতিষ্ঠানে আরবি ভাষা বিভাগে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আরবি ভাষা অভিধান নিয়েও কাজ করেন।
আরবি ভাষা ও গবেষণায় অনবদ্য অবদানের জন্য ২০২৫ সালে ড. মাজিন আবদুল কাদির সৌদি আরবের কিং সালমান গ্লোবাল একাডেমি ফর অ্যারাবিক ল্যাংগুয়েজ পুরস্কার লাভ করেন।
তথ্যসূত্র : আলজাজিরা




