আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, ‘শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে যেকোনো সময় তিনি ঢুকতে পারেন। দিন-তারিখ দিচ্ছেন ডিসেম্বর। ভালো কথা, আমরা অপেক্ষায় আছি উনি আসবেন। কিন্তু আপনার আপিলের ডিলে কন্ডিশনের বিষয় খণ্ডাবেন কী করে একটু চিন্তা করেন।’
তিনি বলেন, ‘তার অন্যান্য মামলা আমরা বিচারের মুখোমুখি করেছি এবং তাকে আনার চেষ্টা করছি। এই বিচারকে ডিফেন্ট করার নির্দোষ প্রমাণ করার একটা অভলিগেশন তার রয়েছে আদালতের সামনে এসে। তাকে নিশ্চয়ই আইনি কাঠামোর মধ্যে যেভাবে আইনসংগতভাবে তার ন্যায়বিচার নিশ্চিত করা যায় আমরা সেটাই করব। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না।’
আজ রবিবার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘ন্যায়বিচারের জায়গা, আমরা ন্যায়বিচার শুধু দেখানোর জন্য করছি না। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা কোনো শর্টকাট পথে যাইনি। আমরা তার কণ্ঠের ফরেনসিক করিয়েছি। আমরা চাই শেখ হাসিনা ফিরুক। আইনসংগতভাবে তাকে দণ্ড কার্যকর করার জন্য যে বিধান আছে আমরা সে বিধানের পথ ধরে হেঁটে যেতে চাই। এর বাইরে কোনো পথ আমাদের জানা নেই।’
তিনি বিচার বিভাগের উদ্দেশে বলেন, ‘আমার দেশের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন, মানুষের মুখে হাসি ধরে রাখা উন্নয়ন—সব কিছুর কেন্দ্র বিন্দুতে যাদের সব থেকে বেশি ভূমিকা রাখা দরকার, তাদের মধ্যে অন্যতম হলো বিচার বিভাগ। আপনারা যারা বিচার বিভাগে আছেন তারা ডিভাইন পাওয়ার এক্সাসাইজ করেন। আপনাদের ডিভাইন পাওয়ার দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ মামলা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মাগুরা আমাদের সারা বাংলাদেশের শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদী মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা। তার পথ ধরে রামিসার বিচার হয়েছে। আরো কিছু শিশু নির্যাতনের বিচার হয়েছে সংক্ষিপ্ত সময়ে।’ আছিয়ার মামলা খুব দ্রুত হাইকোর্টে বিচার নিষ্পত্তি হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বলেন, ‘অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তির জন্য শিশুর প্রতি সহিংসতা ট্রাইব্যুনাল দমনের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিশেষ জজ ও পিপি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছি।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, পুলশ সুপার মোল্যা মহাম্মদ আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, জ্যেষ্ঠ আইনজীবী আহম্মদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।
এর আগে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।






