‘গডজিলা’ সিরিজের দুই ছবিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান কেলি হটল। মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কোরিয়ান-আমেরিকান এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাত ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল। দুর্ঘটনার পর কেলি হটলকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সেস কং’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলির। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা ভার্সেস কং : দ্য নিউ এম্পায়ার’-এও একই চরিত্রে অভিনয় করেন তিনি।
আরো খবর
‘গডজিলা’র সেই ছোট্ট জিয়া আর নেই

একদিন বৃষ্টিতে বিকেলে গাইবেন তাঁরা

৩১ জুলাই বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ কনসার্ট ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। গাইবেন বাংলাদেশের এ সময়ের তিন গায়ক-গীতিকার-সুরকার—জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তকে উৎসর্গ করে কনসার্ট আয়োজনের কারণ জানান জয় শাহরিয়ার। বলেন, ‘যাঁদের গান শুনে আমরা সিঙ্গার-সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাঁদের অন্যতম অঞ্জন দত্ত। আরো অনেকে আছেন, যেমন কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী ও সঞ্জীব চৌধুরী। তাঁদের প্রতিও আমাদের শ্রদ্ধা। এই আয়োজনে আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গান করব। আমাদের নিজেদের গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইব।’ আহমেদ হাসান সানি বলেন, ‘আমাদের দেশের সিঙ্গার-সং রাইটারদের জীবনে অঞ্জন দত্তের অনেক প্রভাব। বলতে গেলে আমরা বড় হয়েছি অঞ্জন দত্তের শব্দের শহরে। তাঁকে ট্রিবিউট করে কনসার্টে গাইব, এটা দারুণ এক ব্যাপার।’
শেষ সময়ে বাতিল করেছি শুটিং
অভিনয়ে নতুনদের মধ্যে বেশ পরিচিতি পেয়েছেন শিরতাজ জাহান জেবিন। কোরবানির ঈদে এসেছে তাঁর বেশ কয়েকটি একক নাটক। এখন করছেন দুটি ধারাবাহিক নাটক। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

ফেসবুকে দেখলাম ইন্দোনেশিয়ায় তোলা বেশ কয়েকটি ছবি দিয়েছেন। দেশটিতে গিয়েছিলেন কেন?
গিয়েছিলাম মালয়েশিয়া। দেশটির একটি পণ্যের প্রমোশনাল কাজ করেছি। সেখান থেকেই ইন্দোনেশিয়া যাই। ছিলাম এক সপ্তাহ। দারুণ দেশ, ঘুরতেও ভালো লেগেছে। শিগগিরই আরেকবার যাব বলে ঠিক করেছি।
এনটিভির নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’য় আছেন। গল্প এবং আপনার অভিনীত চরিত্রটি কেমন?
এটিকে রোমান্টিক ড্রামা বলতে পারেন। আমার চরিত্রের নাম মেধা। সে একজন কবিকে ভালোবাসে। কবির চরিত্রটি করেছেন মীর রাব্বি। এটা তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ৫ আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারিত হবে। প্রতি সোম, মঙ্গল ও বুধবার দেখা যাবে। নির্মাতা রাকেশ বসু খুব গুছিয়ে কাজ করেন। তাঁর ইউনিটে কাজ করে ভালো লেগেছে।
এটিএন বাংলায় আপনার আরেকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে—এই শহর এই পরিবার...
প্রায় এক বছর আগে ধারাবাহিকটির শুটিং করেছিলাম। তখন মাত্র দুই দিন শুটিং করেছি। এরপর আর শুটিং করিনি। ধারাবাহিকটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেও হাজির হয়েছিলাম। এরপর আর কিছু জানি না। আপাতত ধারাবাহিকটি করছি না।
কোরবানির ঈদের নাটক ‘মায়া পাখি’ ও ‘দ্য অভিযান’-এ আপনাকে পছন্দ করেছেন অনেকেই...
কাছের কিছু ভাই-ব্রাদার পরিচালক শিডিউল নিয়ে রাখত। গল্প কী, আমার চরিত্র কী তা বলত না। শুটিংয়ের আগের দিন স্ক্রিপ্ট ধরিয়ে দিত। পড়ার সময়ও পেতাম না। ফলে ভালো কোনো চরিত্র খুব একটা পেতাম না। এরপর সিদ্ধান্ত নিলাম, আগে গল্প পড়ব, চরিত্র বুঝব তারপর শিডিউল দেব। ‘মায়া পাখি’ ও ‘দ্য অভিযান’ সেটারই ফসল। নাটক দুটিতে আমার সঙ্গে বড় তারকারা অভিনয় করেছেন। তাঁদের পাশাপাশি আমার চরিত্রটি নিয়ে আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজও [গতকাল] একটি নাটকের শুটিং ছিল। বাতিল করেছি শেষ সময়ে। আগে পাণ্ডুলিপি পাইনি বলেই এই সিদ্ধান্ত। আমি এখন এই বিষয়ে একদম অনড়। মাসে যদি একটা কাজও না করি, তবু সিদ্ধান্ত থেকে নড়ব না।
ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলবেন কোন নাটকটিকে?
অবশ্যই ধারাবাহিক ‘দেনা পাওনা’। এর আগে টুকটাক অভিনয় করেছি, তবে মানুষ আমাকে সেভাবে চিনত না। ‘দেনা পাওনা’ করার পরই মানুষ আমাকে চিনেছে। এখনো কোথাও গেলে ‘নাবিলা সিক্স’ বলে ডাকে। শুনতে ভালোই লাগে।
সামনে আবার শুটিং কবে?
এখন তো অফ সিজন। নতুন নাটকও কম হচ্ছে। তবে সামনের মাসে একটা বড় প্রোডাকশনের চার-পাঁচটা নাটক করব। সবগুলোরই শুটিং হবে দেশের বাইরে। এ সপ্তাহেই হয়তো প্রোডাকশন হাউজ আমাদের বিস্তারিত জানাবে।
প্রমোশনাল কাজ কেমন চলছে?
খুব ভালো। আমি তো আসলে হাই চার্জ করি। তবু দেশের বড় বড় কম্পানি যেমন ইউনিলিভার, অপ্পো, ডাব, গ্লো অ্যান্ড লাভলীর কাজ করছি নিয়মিত।
অন্তর্জাল
এলিট ফোর্স

নেটফ্লিক্সে আজ এসেছে আট পর্বের ফরাসি সিরিজ ‘এলিট ফোর্স’। জনপ্রিয় ‘গ্যাংল্যান্ডস’ সিরিজের নির্মাতাদের নতুন থ্রিলার এটি। জিআইজিএনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড মনে করেছিল তার মাঠে নেমে অভিযান পরিচালনার দিন শেষ। কিন্তু অজ্ঞাত শত্রু যখন জিআইজিএন ইউনিটকেই লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করে, তখন ডেভিডকে সক্রিয় নেতৃত্বে ফিরতে হয়। অভিনয়ে টোমের সিসলে, ত্রিস্তান জাঁশি, জিরালদিন পাইলহাস প্রমুখ।
