ফেসবুকে দেখলাম ইন্দোনেশিয়ায় তোলা বেশ কয়েকটি ছবি দিয়েছেন। দেশটিতে গিয়েছিলেন কেন?
গিয়েছিলাম মালয়েশিয়া। দেশটির একটি পণ্যের প্রমোশনাল কাজ করেছি। সেখান থেকেই ইন্দোনেশিয়া যাই। ছিলাম এক সপ্তাহ। দারুণ দেশ, ঘুরতেও ভালো লেগেছে। শিগগিরই আরেকবার যাব বলে ঠিক করেছি।
এনটিভির নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’য় আছেন। গল্প এবং আপনার অভিনীত চরিত্রটি কেমন?
এটিকে রোমান্টিক ড্রামা বলতে পারেন। আমার চরিত্রের নাম মেধা। সে একজন কবিকে ভালোবাসে। কবির চরিত্রটি করেছেন মীর রাব্বি। এটা তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ৫ আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারিত হবে। প্রতি সোম, মঙ্গল ও বুধবার দেখা যাবে। নির্মাতা রাকেশ বসু খুব গুছিয়ে কাজ করেন। তাঁর ইউনিটে কাজ করে ভালো লেগেছে।
এটিএন বাংলায় আপনার আরেকটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে—এই শহর এই পরিবার...
প্রায় এক বছর আগে ধারাবাহিকটির শুটিং করেছিলাম। তখন মাত্র দুই দিন শুটিং করেছি। এরপর আর শুটিং করিনি। ধারাবাহিকটি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেও হাজির হয়েছিলাম। এরপর আর কিছু জানি না। আপাতত ধারাবাহিকটি করছি না।
কোরবানির ঈদের নাটক ‘মায়া পাখি’ ও ‘দ্য অভিযান’-এ আপনাকে পছন্দ করেছেন অনেকেই...
কাছের কিছু ভাই-ব্রাদার পরিচালক শিডিউল নিয়ে রাখত। গল্প কী, আমার চরিত্র কী তা বলত না। শুটিংয়ের আগের দিন স্ক্রিপ্ট ধরিয়ে দিত। পড়ার সময়ও পেতাম না। ফলে ভালো কোনো চরিত্র খুব একটা পেতাম না। এরপর সিদ্ধান্ত নিলাম, আগে গল্প পড়ব, চরিত্র বুঝব তারপর শিডিউল দেব। ‘মায়া পাখি’ ও ‘দ্য অভিযান’ সেটারই ফসল। নাটক দুটিতে আমার সঙ্গে বড় তারকারা অভিনয় করেছেন। তাঁদের পাশাপাশি আমার চরিত্রটি নিয়ে আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজও [গতকাল] একটি নাটকের শুটিং ছিল। বাতিল করেছি শেষ সময়ে। আগে পাণ্ডুলিপি পাইনি বলেই এই সিদ্ধান্ত। আমি এখন এই বিষয়ে একদম অনড়। মাসে যদি একটা কাজও না করি, তবু সিদ্ধান্ত থেকে নড়ব না।
ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলবেন কোন নাটকটিকে?
অবশ্যই ধারাবাহিক ‘দেনা পাওনা’। এর আগে টুকটাক অভিনয় করেছি, তবে মানুষ আমাকে সেভাবে চিনত না। ‘দেনা পাওনা’ করার পরই মানুষ আমাকে চিনেছে। এখনো কোথাও গেলে ‘নাবিলা সিক্স’ বলে ডাকে। শুনতে ভালোই লাগে।
সামনে আবার শুটিং কবে?
এখন তো অফ সিজন। নতুন নাটকও কম হচ্ছে। তবে সামনের মাসে একটা বড় প্রোডাকশনের চার-পাঁচটা নাটক করব। সবগুলোরই শুটিং হবে দেশের বাইরে। এ সপ্তাহেই হয়তো প্রোডাকশন হাউজ আমাদের বিস্তারিত জানাবে।
প্রমোশনাল কাজ কেমন চলছে?
খুব ভালো। আমি তো আসলে হাই চার্জ করি। তবু দেশের বড় বড় কম্পানি যেমন ইউনিলিভার, অপ্পো, ডাব, গ্লো অ্যান্ড লাভলীর কাজ করছি নিয়মিত।