চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য দেওয়া সরকারি অনুদানের তালিকা থেকে বাদ পড়ায় বরাদ্দ পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র শীল এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা পত্র অনুযায়ী দেশের বিভিন্ন সংগীত সংগঠনের অনুকূলে আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হলেও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদসহ অনেক সংগঠন এই তালিকা থেকে বাদ পড়েছে।
তাঁরা বলেন, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ একটি জাতীয় সংগঠন। ২০০৭ সাল থেকে সংগঠনটি দেশে প্রথমবারের মতো বিশ্ব সংগীত দিবস উদ্যাপন শুরু করে, যা এখনো নিয়মিতভাবে পালন করা হচ্ছে।

