৫ এর ম্যাজিক
তোমরা ৫ বন্ধু মিলে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করলে। মোট বিল এলো ৪১২ টাকা। এবার প্রত্যেকের খরচের ভাগ বের করতে একে ৫ দিয়ে ভাগ করা একটু ঝামেলার মনে হতে পারে; কিন্তু ২ দিয়ে গুণ করে খুব সহজেই এটি বের করা সম্ভব।
প্রথম ধাপ : বিলের মোট টাকা ৪১২-কে মনে মনে ২ দিয়ে গুণ করে দ্বিগুণ করে নাও
৪১২ × ২ = ৮২৪।
দ্বিতীয় ধাপ : এবার ডান দিক থেকে ঠিক এক ঘর বামে একটি দশমিক বসিয়ে দাও। অর্থাৎ, ৮২৪ হয়ে যাবে ৮২.৪।
ফলাফল : তোমাদের প্রত্যেককে দিতে হবে ৮২.৪ টাকা (অর্থাৎ ৮২ টাকা ৪০ পয়সা)।
শব্দের ব্ল্যাকহোল
যেকোনো একটি সংখ্যা ইংরেজিতে ভাবো (যেমন: ১2)| এটিকে বানান করে লেখো (T-W-E-L-V-E)। এখানে অক্ষর আছে 6টি। এবার প্রাপ্ত অক্ষর সংখ্যা ‘6’-কে বানান করো (S-I-X)। এখানে অক্ষর 3টি। এবার ‘3’-কে বানান করো (T-H-R-E-E); এখানে অক্ষর 5টি। ‘৫’ (F-I-V-E)-এ অক্ষর 4টি। আর ‘4’ (F-O-U-R)-এ অক্ষর 4টি!
ম্যাজিক: তুমি মিলিয়ন বা বিলিয়নের যেকোনো সংখ্যা দিয়েই শুরু করো না কেন, শেষ পর্যন্ত ‘FOUR’ বা 4-এ এসে আটকে যাবে। 4 হলো ইংরেজি সংখ্যার ব্ল্যাকহোল!
নেটফ্লিক্স ও পিজা রিডিং
তোমার ছোট ভাই ছুটির দিনে নেটফ্লিক্সের কোনো একটা নির্দিষ্ট সিরিজের কয়টি এপিসোড দেখেছে এবং কয় স্লাইস পিজা খেয়েছে তা সহজেই বলে দিতে পারবে।
প্রথম ধাপ : ছোট ভাইকে সে কয়টি এপিসোড দেখেছে তা লিখতে বলো : যেমন ৪টি
দ্বিতীয় ধাপ : সংখ্যাটিকে ৫ দিয়ে গুণ করতে বলো : ৪ × ৫ = ২০
তৃতীয় ধাপ : এর সঙ্গে ৩ যোগ করতে বলো : ২০ + ৩ = ২৩
চতুর্থ ধাপ : প্রাপ্ত যোগফলকে ২ দিয়ে গুণ করতে বলো : ২৩ × ২ = ৪৬
পঞ্চম ধাপ : এবার সে কয় স্লাইস পিজা খেয়েছে (১-৯) তা যোগ করতে বলো : ৪৬ + ২ = ৪৮
ফলাফল : প্রাপ্ত সংখ্যাটি থেকে তুমি মনে মনে ৬ বিয়োগ করো। ৪৮ - ৬ = ৪২
এখানে প্রথম অঙ্ক ৪ হবে এপিসোড সংখ্যা, আর শেষের অঙ্ক ২ হবে তোমার ভাইয়ের খাওয়া পিজার স্লাইস।
৫২টি তাসে সৌর ক্যালেন্ডার
তাসের ৫২টি কার্ড আসলে আস্ত একটি সৌর ক্যালেন্ডার, যা অনেকেই খেয়াল করেন না!
৫২টি তাস = বছরের ৫২ সপ্তাহ।
৪টি স্যুট = দিনরাত্রির ৪টি প্রধান প্রহর (ভোর, দুপুর, গোধূলি ও রাত)।
প্রতিটি স্যুটে ১৩টি তাস = প্রতিটি ঋতুর ১৩ সপ্তাহ।
১২টি ফেস কার্ড (গোলাম, বিবি, সাহেব)
= বছরের ১২ মাস।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, যদি ৫২টি তাসের মান যোগ করো (টেক্কা = ১, গোলাম = ১১, বিবি = ১২, সাহেব = ১৩ ধরে) এবং তার সঙ্গে একটি জোকার (১) যোগ করো, তবে মোট যোগফল হবে ঠিক ৩৬৫! যা বছরের মোট দিনের সমান।
স্মার্টফোনের ব্যাটারি ও অ্যাপ ম্যাজিক
তোমার বন্ধুর ফোনের ব্যাটারি কত পার্সেন্ট এবং সে কয়টি অ্যাপ বেশি ব্যবহার করে, তা তুমি না দেখেই বলে দিতে পারবে!
প্রথম ধাপ : প্রথমে তোমার বন্ধুকে তার ফোনের বর্তমান ব্যাটারি পার্সেন্টেজ ক্যালকুলেটরে লিখতে বলো : যেমন চার্জ ৬২%
দ্বিতীয় ধাপ : চার্জের সংখ্যার সঙ্গে ২ দিয়ে গুণ করতে বলো : ৬২ × ২ = ১২৪
তৃতীয় ধাপ : গুণফলের সঙ্গে ৫ যোগ করতে বলো : ১২৪ + ৫ = ১২৯
চতুর্থ ধাপ : এবার যোগফলকে ৫০ দিয়ে গুণ করতে বলো : ১২৯ × ৫০ = ৬৪৫০
পঞ্চম ধাপ : এরপর তার সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপের সংখ্যা যোগ করতে বলো : ৬৪৫০ + ১২ = ৬৪৬২
ফলাফল : চূড়ান্ত সংখ্যাটি থেকে তুমি মনে মনে ২৫০ বিয়োগ করো।
৬৪৬২ - ২৫০ = ৬২১২
এখানে প্রাপ্ত উত্তরের প্রথম অংশ ৬২ হবে ব্যাটারি পার্সেন্টেজ এবং শেষ দুই অঙ্ক ১২ হবে অ্যাপের সংখ্যা।
♦ আমানুর রহমান



