• ই-পেপার

কানাডায় উচ্চশিক্ষার এটুজেড

  • বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য কানাডা। তবে দেশটিতে বিশ্ববিদ্যালয় নির্বাচন, তহবিলের ব্যবস্থা, আবেদনপ্রক্রিয়া, স্টাডি পারমিট পাওয়াসহ বিভিন্ন ধাপে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। দেশটিতে উচ্চশিক্ষার প্রক্রিয়া ও করণীয় নিয়ে পরামর্শ দিয়েছেন কানাডার ইউনিভার্সিটি অব অটোয়ার পিএইচডি গবেষক মো. জয়নাল আবেদিন

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা অনুদান পাবে

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা অনুদান পাবে

দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থ সহায়তা দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ৩১ আগস্ট ২০২৬ রাত ১২টার মধ্যে। এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের (ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণি) এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেওয়া হবে।

আবেদনের শর্ত: দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা অনলাইনে তার চিকিৎসা মেয়াদে চিকিৎসা অনুদানের জন্য একবার আবেদন করতে পারবে। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে হতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে ‘গুরুতর আহত’ হওয়ার ব্যাপারে প্রত্যয়নপত্র নিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন (নির্ধারিত ফরম) দরকার হবে। এরপর ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তিকে আবেদন ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসা অনুদান পাওয়ার জন্য আবেদন করতে হবে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিংক থেকে—https://www.eservice.pmeat.gov.bd/medical

 

বিজ্ঞান রহস্য

চাঁদ ছোট-বড় দেখায় কেন?

চাঁদ ছোট-বড় দেখায় কেন?

হাবিব তারেক

আকাশের দিকে তাকালে চাঁদকে কখনো বড় মনে হয়, আবার কখনো অনেক ছোট দেখায়। দিগন্তের কাছে ওঠা পূর্ণিমার চাঁদকে দেখলে মনে হবে বিশাল এক আলোকিত গোলক। অথচ আকাশের অনেক ওপরে উঠলে চাঁদকে তুলনামূলক ছোট মনে হয়। আবার বছরের বিভিন্ন সময়ে পূর্ণিমার চাঁদের আকারেও সামান্য পার্থক্য দেখা যায়। এখন মনে প্রশ্ন আসতে পারে, চাঁদের আকার কি সত্যিই ছোট-বড় হয়? না, ব্যাপারটি এমন নয়। এর পেছনে আছে জ্যোতির্বিজ্ঞান, মনোবিজ্ঞান ও মানুষের দৃষ্টিবিভ্রম।

 

দিগন্তে চাঁদ বড় দেখায় কেন

চাঁদ যখন দিগন্তের কাছাকাছি থাকে, তখন এর চারপাশে থাকে গাছ, বাড়ি, পাহাড় কিংবা স্থলভাগের অন্যান্য বস্তু। এসব পরিচিত বস্তুর সঙ্গে তুলনা করে আমাদের মস্তিষ্ক চাঁদকে অনেক বড় হিসেবে বিবেচনা করে। কিন্তু চাঁদ যখন মাথার ওপর আসে, তখন আশপাশে তুলনা করার মতো কোনো বস্তু থাকে না। ফলে একই আকারের চাঁদকেও তুলনামূলক ছোট মনে হয়। বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘মুন ইল্যুশন’ বা চাঁদের দৃষ্টিবিভ্রম নামে অভিহিত করেছেন। মনোবিজ্ঞান ও দৃষ্টিবিজ্ঞানের উদাহরণ দিতে গিয়ে অনেকেই বিষয়টিকে সামনে আনেন। মজার বিষয় হলো, ক্যামেরা দিয়ে দিগন্তের চাঁদ এবং আকাশের ওপরে থাকা চাঁদের ছবি একই জুমে তুললে দেখা যায়—দুই ক্ষেত্রেই চাঁদের প্রকৃত আকার প্রায় একই।

 

চাঁদ কি সত্যিই বড় হয়

হ্যাঁ, তবে সেই পরিবর্তন খুবই সামান্য এবং এর পেছনে রয়েছে পৃথিবীকে ঘিরে চাঁদের উপবৃত্তাকার কক্ষপথ। চাঁদ পৃথিবীকে পুরোপুরি গোলাকার পথে নয়, বরং কিছুটা ডিম্বাকার বা উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। ফলে কোনো সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে, আবার কোনো সময় দূরে সরে যায়। যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে, তখন তাকে পেরিজি বলা হয়। এ সময় চাঁদের দৃশ্যমান ব্যাস কিছুটা বড় দেখায়। যদি ওই সময় পূর্ণিমা হয়, তাহলে সেটিকে জনপ্রিয়ভাবে ‘সুপারমুন’ বলা হয়। অন্যদিকে যখন চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, তখন তাকে অ্যাপোজি বলা হয়। এ সময় পূর্ণিমা হলে চাঁদ তুলনামূলক ছোট দেখায়, যাকে অনেকে ‘মাইক্রোমুন’ নামে উল্লেখ করেন। পেরিজি ও অ্যাপোজির কারণে চাঁদের দৃশ্যমান ব্যাসে প্রায় ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত পার্থক্য হতে পারে। উজ্জ্বলতার পার্থক্যও প্রায় ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে খালি চোখে এই পরিবর্তন সব সময় স্পষ্টভাবে বোঝা যায় না। বায়ুমণ্ডল চাঁদের আলোকে কিছুটা বিকৃত করতে পারে এবং দিগন্তের কাছে চাঁদকে সামান্য চ্যাপ্টা দেখাতে পারে। কিন্তু এটি চাঁদের আকার বড় করে না। বড় দেখার প্রধান কারণ মানুষের দৃষ্টিবিভ্রম।

 

পূর্ণিমার চাঁদকেই কেন বড় মনে হয়

পূর্ণিমায় চাঁদের পুরো আলোকিত অংশ পৃথিবী থেকে দেখা যায়। ফলে এটি স্বাভাবিকভাবেই বেশি উজ্জ্বল ও আকর্ষণীয় মনে হয়। আবার পূর্ণিমার চাঁদ সাধারণত সূর্যাস্তের সময় দিগন্ত থেকে ওঠে। তখন দেখার সময় আশপাশে বিভিন্ন স্থলবস্তুর উপস্থিতি থাকে। ফলে এ ক্ষেত্রে দৃষ্টিবিভ্রম আরো বেশি কাজ করে এবং চাঁদকে অস্বাভাবিক বড় মনে হয়।

 

নিজে নিজে পরীক্ষা

পূর্ণিমার রাতে দিগন্তের কাছে থাকা চাঁদের দিকে একটি চোখ বন্ধ করে বৃদ্ধাঙ্গুলির নখের ডগা ধরুন। কিছুক্ষণ পর চাঁদ যখন অনেক ওপরে উঠবে, তখন একইভাবে আবার তুলনা করুন। দেখবেন, আপনার আঙুলের তুলনায় চাঁদের প্রকৃত আকার প্রায় একই রয়েছে। অথচ খালি চোখে অনেক বড় মনে হচ্ছিল। আরেকটি সহজ উপায় হলো মোবাইল ফোন বা ক্যামেরায় একই জুমে দুটি ছবি তোলা। ছবিগুলো পাশাপাশি রাখলে বোঝা যাবে, চাঁদের প্রকৃত আকারে তেমন কোনো পরিবর্তন হয়নি। মূলত পৃথিবী ও চাঁদের দূরত্বের সামান্য পরিবর্তনের কারণে দৃশ্যমান আকারে বাস্তব পরিবর্তন হয়। এ ছাড়া আমাদের দৃষ্টিবিভ্রমের কারণেও এই সামান্য পরিবর্তনকেই কিছুটা বড় পার্থক্য মনে হয়।

 

 

দ্য ক্যাডাভার সোসাইটি

আল সানি
দ্য ক্যাডাভার সোসাইটি

মেডিক্যাল কলেজের অ্যানাটমি বা ডিসেকশন হলগুলোর পরিবেশ সাধারণ মানুষের কাছে সব সময়ই একটু গা-ছমছমে। সারি সারি ফরমালিনে ভেজানো মানুষের মরদেহ, চারদিকে ঝাঁজালো গন্ধ আর তার মধ্যেই অ্যানাটমির জটিল তত্ত্ব বোঝার চেষ্টায় মগ্ন থাকে হবু ডাক্তাররা। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসের পাতা ওল্টালে এই লাশ কাটা ঘরের আড়ালেই উঁকি দেয় এক রোমাঞ্চকর, রহস্যময় এবং কিছুটা ভীতি-জাগানিয়া নাম—দ্য ক্যাডাভার সোসাইটি। আমেরিকার ঐতিহ্যবাহী ওয়াশিংটন অ্যান্ড লি ইউনিভার্সিটিকে কেন্দ্র করে প্রথম গড়ে ওঠে এই গুপ্ত সংঘ বা ‘সিক্রেট সোসাইটি’। বিষয়টি নিয়ে যুগের পর যুগ ধরে প্রচলিত আছে এক রূদ্ধশ্বাস ও গা-ছমছমে ইতিহাস। তবে সেই লোককথার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা জানলে যে কেউ চমকে উঠবে। প্রচলিত আছে, উনিশ শতকের শুরুর দিকে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের মানবদেহের ব্যবচ্ছেদ বা ‘ডিসেকশন’ শেখার জন্য প্রয়োজনীয় মৃতদেহের (ক্যাডাভার) সংকট দেখা দিয়েছিল। তৎকালীন সময়ে ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক বিধি-নিষেধের কারণে গবেষণার জন্য মানুষের মৃতদেহ পাওয়া ছিল প্রায় অসম্ভব। সাধারণত ফাঁসি হওয়া কয়েদিদের লাশ মেডিক্যাল কলেজগুলোকে দেওয়া হতো, যা প্রয়োজনের তুলনায় ছিল একেবারেই সামান্য। এমন চরম সংকট থেকেই জন্ম নেয় ক্যাডাভার সোসাইটি। লোকমুখে শোনা যায়, এর সদস্যরা ছিল মূলত মেডিক্যাল শিক্ষার্থী এবং অ্যানাটমি বিশেষজ্ঞ। চিকিৎসাশাস্ত্রকে এগিয়ে নেওয়ার এক অদ্ভুত ও মরিয়া তাড়না থেকেই তারা রাতের অন্ধকারে নতুন কবর খুঁড়ে কিংবা বেওয়ারিশ লাশ চুরি করে মেডিক্যাল কলেজের ডিসেকশন টেবিলে পৌঁছে দিত। সমাজ ও আইনের চোখে এটি জঘন্য অপরাধ। যদিও এর বিপরীত তথ্যও পাওয়া যায় বিভিন্ন বইপত্র ও নথিতে। কারো কারো মতে, ওয়াশিংটন অ্যান্ড লি ইউনিভার্সিটির এই ক্যাডাভার সোসাইটি আসলে গঠিত হয়েছিল ১৯৫৭ সালে (কোনো কোনো সূত্রে ১৯১৬ সালের কথাও বলা হয়)। এই সংঘের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনেকে মানতে নারাজ। তাঁদের যুক্তি, বিংশ শতাব্দীতে এমন কোনো কাজের দরকারই ছিল না। তাহলে কেন ক্যাম্পাসজুড়ে তাদের নিয়ে এমন গা শিউরে ওঠা গল্প ছড়িয়ে পড়ল? এর মূল কারণ ছিল সংগঠনটির কঠোর গোপনীয়তা ও অদ্ভুত প্রতীক। সাধারণ মানুষ তো দূরের কথা, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বা শিক্ষকরাও জানতেন না এই সোসাইটির আসল সদস্যদের পরিচয়। গভীর রাতে যখন পুরো ক্যাম্পাস ঘুমে আচ্ছন্ন থাকত, তখনই শুরু হতো তাদের কার্যক্রম। বলা হয়ে থাকে, বিশ্ববিদ্যালয়ের মাটির নিচে থাকা প্রাচীন সুড়ঙ্গপথ বা গোপন টানেল ব্যবহার করে তারা গভীর রাতে ক্যাম্পাসে চলাফেরা করত, যাতে কেউ তাদের দেখে না ফেলে। আজও সেই ক্যাম্পাসের দেয়ালে, শতাব্দীপ্রাচীন ভবনের কোনায় কিংবা কোনো গোপন নথির ভাঁজে মাঝে মাঝে তাদের প্রতীকচিহ্ন দেখতে পাওয়া যায়। গভীর রাতে রহস্যময় চলাফেরার কারণেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই গল্প ছড়িয়ে পড়ে। আজকের দিনেও ওয়াশিংটন অ্যান্ড লি ইউনিভার্সিটিতে এই ক্যাডাভার সোসাইটি একটি সুপরিচিত কিন্তু রহস্যময় পরোপকারী সংগঠন হিসেবেই টিকে আছে। সমাজকল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে তারা নিয়োজিত। বর্তমানে এই সোসাইটির মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিতে কিংবা ক্যাম্পাসের জরুরি প্রয়োজনে গোপনে বিশাল অঙ্কের অর্থ অনুদান দেওয়া। তবে তাদের দেওয়ার এই তরিকাটি আজও সেই আগের মতোই রহস্যে ঘেরা। গভীর রাতে কালো পোশাক ও মাস্ক পরে এসে তারা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে অনুদানের খাম রেখে যায়। আর সেই খামের ওপর সিলমোহর হিসেবে আঁকা থাকে শতাব্দীপ্রাচীন প্রতীক। কে বা কারা এই টাকা দিয়ে গেল—এর কোনো রসিদ থাকে না, থাকে না দাতার নাম-ঠিকানা।

 

 

 

 

শিক্ষা সংবাদ

রোবোকাপ রেসকিউ লিগে ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য

রোবোকাপ রেসকিউ লিগে ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য

রোবোকাপ রেসকিউ লিগে (২০২৬) প্রথমবার অংশ নিয়েই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে  ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকসের (সিএআইআর) অধীনে পরিচালিত ইউআইইউ রেসকিউ রোভার টিম (ইউআরআরটি)। কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্কের (আইটিপি) আয়োজনে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা গত ২ থেকে ৬ জুলাই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবটিকস দল, খ্যাতনামা গবেষণাগার এবং শিল্প খাতের রোবটিকস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউ রেসকিউ রোভার টিম অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। স্বায়ত্তশাসিত রেসকিউ রোবটিকসের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে এই অর্জন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নবাগত ৯টি দলের মধ্যে বিশ্বব্যাপী তৃতীয় স্থান, ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম স্থান এবং অংশগ্রহণকারী ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে সামগ্রিকভাবে ১৫তম স্থান অর্জন করে ইউআরআরটি। এবারের প্রতিযোগিতায় জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, মেক্সিকো, চীন, থাইল্যান্ড, কলম্বিয়া, উরুগুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য দল অংশ নিয়েছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইউআইইউ দল তাদের প্রযুক্তিগত সক্ষমতাকে বৈশ্বিক মানদণ্ডে মূল্যায়নের সুযোগ পেয়েছে। এ ছাড়া বিশ্বের খ্যাতনামা গবেষক, প্রকৌশলী এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নত রেসকিউ রোবটিকস প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ইউআইইউ রেসকিউ রোভার টিমের সদস্য নাজমুল হাসান আথিন প্রতিযোগিতার প্লেনারি রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবটিকস গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে বিচারক হিসেবে কাজ করার মাধ্যমে দলটি আন্তর্জাতিক অঙ্গনে কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ রেখেছে। দলের সদস্যরা জানান, তাঁদের মূল লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন নয়, বরং বিশ্বের সেরা রেসকিউ রোবটিকস বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিকে যাচাই করা এবং ভবিষ্যৎ প্রজন্মের আরো উন্নত ও বুদ্ধিমান রেসকিউ রোবট তৈরির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা। এ ছাড়া তাঁরা এই আন্তর্জাতিক অর্জনের জন্য ইউআইইউর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং উপদেষ্টা, শিক্ষক-শিক্ষিকা, পৃষ্ঠপোষক, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সব সমর্থকের অব্যাহত সহযোগিতা, দিকনির্দেশনা এবং উৎসাহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।