• ই-পেপার

ইরানে ‘শক্তিশালী’ সিরিজ হামলা যুক্তরাষ্ট্রের

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
তুরস্কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
সংগৃহীত ছবি

তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। খবর রয়টার্স

মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।’ তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে। 

এর আগে ২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট’ (ক্যাটসা)-এর আওতায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেয়া হয়। তবে আঙ্কারা শুরু থেকেই এই সিদ্ধান্তকে অন্যায্য ও অবৈধ বলে দাবি করে আসছে।

এদিকে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন। তবে এ ধরনের চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন এবং কংগ্রেসের অনুমোদনসংক্রান্ত কিছু বাধা এখনও রয়ে গেছে।

ডেইলি মেইলের বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলায় হারলেন প্রিন্স হ্যারি

অনলাইন ডেস্ক
ডেইলি মেইলের বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলায় হারলেন প্রিন্স হ্যারি
সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত জনপ্রিয় ও সর্বোচ্চ পঠিত সংবাদপত্র ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে করা মামলায় হেরে গেছেন রাজা তৃতীয় চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি।

ফোন হ্যাকিং ও অবৈধ তথ্য সংগ্রহের অভিযোগে করা এই মামলার রায়ে হাইকোর্টের বিচারপতি নিকলিন বলেন, বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি যে সংশ্লিষ্ট সংবাদগুলো অবৈধ উপায়ে সংগ্রহ করা হয়েছিল। কোনো প্রতিবেদনের তথ্য বৈধভাবে সংগ্রহের বাস্তবসম্মত সুযোগ থাকলে শুধু সন্দেহের ভিত্তিতে সেটিকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে বলে ধরে নেওয়া যায় না।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এই রায়কে ফোন হ্যাকিং কেলেঙ্কারি-সংক্রান্ত নতুন মামলাগুলোর কার্যত সমাপ্তির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মামলায় জয়ের পর এএনএল আদালতের খরচ আদায়ের উদ্যোগ নেবে। এতে বাদীপক্ষকে প্রায় ৫ কোটি পাউন্ড পর্যন্ত আইনি ব্যয় বহন করতে হতে পারে।

প্রিন্স হ্যারি ছাড়াও মামলার বাদীদের মধ্যে ছিলেন- স্টিফেন লরেন্সের মা ডরিন লরেন্স, সংগীতশিল্পী এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, অভিনেত্রী এলিজাবেথ হার্লি, স্যাডি ফ্রস্ট এবং সাবেক লিবারেল ডেমোক্র্যাট মন্ত্রী সাইমন হিউজ।

বাদীপক্ষ অভিযোগ করেছিল, ১৯৯৭ থেকে ২০১৫ সালের মধ্যে প্রকাশিত ৫৫টি প্রতিবেদন এবং আরো তিনটি ঘটনার ক্ষেত্রে ডেইলি মেইল ধারাবাহিকভাবে ফোন হ্যাকিং, ল্যান্ডলাইন আড়িপাতা, ব্যক্তিগত গোয়েন্দা দিয়ে নজরদারি, এমনকি পুলিশকে ঘুষ দিয়ে তথ্য সংগ্রহসহ বিভিন্ন অবৈধ পদ্ধতি ব্যবহার করেছে।

তবে আদালত এসব অভিযোগের সবই খারিজ করে দিয়েছেন।

এসব অভিযোগকে ‘চাঞ্চল্যকর’ ও ‘অবাস্তব’ বলে উল্লেখ করে এএনএলের আইনজীবীরা বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো বৈধভাবে প্রেস কর্মকর্তা, আগের প্রকাশিত প্রতিবেদন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘনিষ্ঠ সূত্র থেকে সংগ্রহ করা হয়েছিল।

রায়ের পর এএনএলের এক মুখপাত্র বলেন, এটি ডেইলি মেইল এবং এর সাংবাদিকদের জন্য এক বিশাল বিজয়।

তিনি আরো বলেন, শুরুতে যেসব গুরুতর অভিযোগ তোলা হয়েছিল—যেমন গাড়ি বা বাড়িতে আড়িপাতার যন্ত্র বসানো, ফোনে আড়ি পাতা কিংবা ব্যাংক হিসাব অবৈধভাবে দেখা—এসবের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি। আজকের রায়ে আমাদের সাংবাদিকদের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের সুযোগ পেলেন মেরিন, রয়েছে জটিলতা

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের সুযোগ পেলেন মেরিন, রয়েছে জটিলতা
রয়টার্স ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল আত্মসাতের মামলায় ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেনের দণ্ড বহাল রেখেছেন আদালত। মঙ্গলবার দেওয়া দেশটির আপিল আদালতের রায়ের ফলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়নি তার। এখন নজরদারির মধ্যে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে কট্টর ডানপন্থী এই নেতাকে।

আদালত তথ্য অনুযায়ী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আত্মসাৎ করা সরকারি অর্থের পরিমাণ ছিল ২৮ লাখ ইউরো (প্রায় ৩২ লাখ মার্কিন ডলার)। এর জন্য তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক গোড়ালির ট্র্যাকার (অ্যাঙ্কেল মনিটর) পরে গৃহবন্দি অবস্থায় কাটাতে হবে।

এ ছাড়া আদালত তার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার মেয়াদও কার্যত কমিয়ে দিয়েছে। ৪৫ মাসের নিষেধাজ্ঞার মধ্যে ৩০ মাস স্থগিত থাকায় কার্যকর নিষেধাজ্ঞা থাকবে ১৫ মাস। একই সঙ্গে তাকে এক লাখ ইউরো জরিমানাও করা হয়েছে।

এই রায়ের ফলে লে পেন ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে নির্বাচনী প্রচারণার সময় ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরতে হলে তা তার চলাফেরা ও প্রচারণায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

এদিকে নির্বাচনের প্রথম দফা ভোট হবে ২০২৭ সালের এপ্রিল মাসে এবং দ্বিতীয় দফা মে মাসে।

এর আগে লে পেন বলেছিলেন, যদি তাকে ইলেকট্রনিক নজরদারির ট্যাগ পরে থাকতে হয়, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

গত সপ্তাহে ফরাসি সংবাদমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে অবাধে চলাফেরা করার স্বাধীনতা থাকতে হয়। কিন্তু ইলেকট্রনিক নজরদারি ব্রেসলেট পরা অবস্থায় তা সম্ভব নয়।

তবে ২০২৭ সালের জানুয়ারিতে তিনি আদালতের কাছে সাজা কমানোর আবেদন করতে পারবেন বলে জানা গেছে।

এদিকে সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘গণতন্ত্রের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর বিষয় হলো—রাষ্ট্রপতি আদালতের রায়ের ওপর কোনো মন্তব্য না করা।’

প্রসঙ্গত, মঙ্গলবার একই মামলায় ইউরোপীয় পার্লামেন্টের আরো চারজন ন্যাশনাল র‍্যালি (আরএন) রাজনীতিকও সরকারি অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া অন্য কয়েকজন আসামিকে আত্মসাতে সহযোগিতা বা আত্মসাৎ করা সম্পদ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘মহান বন্ধু’ তুরস্ক : ট্রাম্প

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ‘মহান বন্ধু’ তুরস্ক : ট্রাম্প
সংগৃহীত ছবি

তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘মহান (গ্রেট) মিত্র’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ন্যাটো শীর্ষ সম্মেলন আঙ্কারায় অনুষ্ঠিত হওয়ায় তিনি এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তুরস্ক ইরানকে ‘খুব ভালোভাবে চেনে’ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবেলায় দেশটি ‘খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করেছে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুদ্ধে জড়ানোর বিষয়ে ট্রাম্প বলেন, ‘কেউ কেউ বলছিল ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণে তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। কিন্তু তারা তা করেনি।’

তুরস্ক অত্যন্ত শক্তিশালী একটি সামরিক শক্তির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যুদ্ধে জড়ায়নি। হয়তো আমার কারণেই তারা তা করেনি। তবে চাইলে তারা অন্য পক্ষ হয়ে এই সংঘাতে অংশ নিতে পারত।’

তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অনেক দেশের সঙ্গে আমাদের দারুণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, আর তুরস্ক তাদের মধ্যে অন্যতম। আমাদের মধ্যে এমন এক ধরনের ‘বোঝাপড়া ও রসায়ন’ রয়েছে, যা খুব ভালোভাবে কাজ করে।