• ই-পেপার

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

অনলাইন ডেস্ক
এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানায়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই ২০২৬ থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

বাকৃবির ডিভিএম ডিগ্রিতে ভর্তি হয়েছেন ২৯ বিদেশি শিক্ষার্থী

সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি
বাকৃবির ডিভিএম ডিগ্রিতে ভর্তি হয়েছেন ২৯ বিদেশি শিক্ষার্থী
সংগৃহীত ছবি

‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নেপাল-মালয়েশিয়াসহ ২৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৭৯ জন ভর্তি হয়েছেন।

সোমবার (৬ জুলাই) ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের গ্যালারিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান, এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল আওয়াল, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মাদ তোফাজ্জল হোসেন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. কামরুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ফাতেমা আক্তার, প্যারাসাইটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মকবুল হোসাইন, মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সহযোগী অধ্যাপক ড. মোছা. সোনিয়া পারভীন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রত্যেক বিভাগের প্রধান ও বিভাগের অন্যান্য শিক্ষকদের পরিচয় করিয়ে দেন এবং নিজ বিভাগের কোর্স কারিকুলাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে নবীন শিক্ষার্থীদের ধারণা দেন।

‎নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ‘তোমরা বাকৃবিতে ভর্তি হয়েছ। এটা এখন তোমাদের ক্যাম্পাস, আমরা শুধু তার অংশ। এখন তোমাদের কঠোর পরিশ্রম করে নিজেদের গড়ে তুলতে হবে, তাহলেই তোমরা তোমাদের পরিবারকে গর্বিত করতে পারবে।’

 

অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
অধিভুক্ত কলেজগুলোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা
সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে অনলাইনে আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে ব্যক্তিগত বা অন্য ই-মেইল ব্যবহার করছে। এর ফলে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। আবেদন যাচাই করতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল ([email protected])-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন বা তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ডিসেম্বরে নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
ডিসেম্বরে নতুন বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

ডিসেম্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ জন্য ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। সে অনুযায়ী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।’

এহছানুল হক মিলন বলেন, ‘দরপত্র প্রক্রিয়া চলমান। আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সব কার্যাদেশ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট প্রকাশকরা বই ছাপানোর কাজ শুরু করবেন। বই মুদ্রণ ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন,‘ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বিদ্যমান শিক্ষাক্রমে কিছু পরিমার্জন আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’