বিশ্বকাপ থেকে তিন স্বাগতিকের বিদায়ে প্রভাব পড়েছে টিকিটের দামে। কোয়ার্টার ফাইনালের ম্যাচের টিকিটের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। অথচ, শেষ ষোলোর ম্যাচ চলাকালীন টিকিটের দাম ছিল চড়া।
সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দাম। শেষ ষোলোর আগে এই ম্যাচের রিসেল টিকিট যে দামে বিক্রি হয়েছে সেটাই এখন ৫২ শতাংশ কমেছে। টিকিট পুনর্বিক্রয়ের ওয়েবসাইট টিকপিকের তথ্য অনুযায়ী, আগামীকাল সকালে কানসাস সিটিতে হতে যাওয়া আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম এখন ১১৪২ ডলার। শেষ ষোলোর আগে একই টিকিটের দাম ছিল ২৩৮১ ডলার।
কয়েক ঘণ্টা পরেই মায়ামিতে শুরু হতে যাওয়া ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের রিসেল টিকিট বিক্রি হয়েছে ২০৪৯ ডলারে। আগে এই টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩৮৬৬ ডলার। অন্যদিকে শেষ হওয়া দুই কোয়ার্টার ফাইনালের একটি স্পেন-বেলজিয়াম ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ১৩৮১ ডলারে। স্বাগতিক যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে হারের আগে এই ম্যাচের সর্বনিম্ন দাম ছিল ৩২৬১ ডলার।
কোয়ার্টার ফাইনালের ম্যাচের দাম কমলেও বিশ্বকাপ ফাইনালের দাম বেশ চড়া। ইতিমধ্যে ১২০০ টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। ক্যাটাগরি ২-য়ের এসব টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩৮০ ডলার। বিপরীতে ক্যাটাগরি ১-য়ের কিছু টিকিটের দাম ১৯ হাজার ৯৯৫ ডলার থেকে ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত রাখা হয়েছে।




