ময়মনসিংহের গৌরীপুরে সরকারি দপ্তরে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদের বিরুদ্ধে। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে দায় সেরেছেন ইউএনও আফিয়া আমীন পাপ্পা। এদিকে এই হুমকির ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা পিআইও কার্যালয়ে প্রবেশ করেন পৌর ছাত্রদলের নেতা রাইসুল ইসলাম রিশাদ। পারে তাঁর চাহিদামতো তথ্য না দেওয়ায় অফিস সহকারীকে নানা ধরনের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ভয়ভীতি প্রদর্শন ও ‘দেখে নেওয়ার’ হুমকি দেন তিনি। অভিযুক্ত রাইসুল ইসলাম রিশাদ জানান, তিনি কোনো দপ্তরে গিয়ে হুমকি দেননি। পিআইও অফিস ও ইউএনও অফিসে গিয়ে নিজ এলাকার একটি সড়কের অনিয়মের কথা জানতে চেয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন ইউএনও ও পিআইও অফিসের লোকজন।

