• ই-পেপার

হালদায় ভাসছে মৃত গরু, দূষণের শঙ্কা

সরকারি দপ্তরে ঢুকে ছাত্রদল নেতার হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি
সরকারি দপ্তরে ঢুকে ছাত্রদল নেতার হুমকি

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি দপ্তরে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদের বিরুদ্ধে। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে দায় সেরেছেন ইউএনও আফিয়া আমীন পাপ্পা। এদিকে এই হুমকির ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা পিআইও কার্যালয়ে প্রবেশ করেন পৌর ছাত্রদলের নেতা রাইসুল ইসলাম রিশাদ। পারে তাঁর চাহিদামতো তথ্য না দেওয়ায় অফিস সহকারীকে নানা ধরনের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ভয়ভীতি প্রদর্শন ও দেখে নেওয়ার হুমকি দেন তিনি। অভিযুক্ত রাইসুল ইসলাম রিশাদ জানান, তিনি কোনো দপ্তরে গিয়ে হুমকি দেননি। পিআইও অফিস ও ইউএনও অফিসে গিয়ে নিজ এলাকার একটি সড়কের অনিয়মের কথা জানতে চেয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন ইউএনও ও পিআইও অফিসের লোকজন।

 

টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

টঙ্গীর কুখ্যাত মাদক পল্লী কেরানীরটেক বস্তির মাদকের ডিলার ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কারিমা টঙ্গীর ডজনখানেক শীর্ষ মাদক কারবারির একজন। গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আসামিকে আদালতে পাঠায়। পুলিশ জানায়, কেরানীরটেক মাদক বস্তি থেকে কারিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। মাদকের ব্যবসা করে একাধিক বহুতল ভবনসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি পুলিশের ওপর কারিমার নেতৃত্বে হামলা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

 

মাধবপুরে ১৭ দিনে চারজনের আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে ১৭ দিনে চারজনের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হঠাৎ আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১১ দিনের ব্যবধানে তিন নারী ও এক পুরুষসহ চারজনের আত্মহত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।  গত ১৫ জুলাই উপজেলার হাড়িয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে আনিতা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিতা চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বুলবুল আহমেদের স্ত্রী। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এর আগে গত ৬ জুলাই নোয়াপাড়া চা-বাগানের চা-শ্রমিক প্রকাশ রেলী (২৬) আত্মহত্যা করেন। পরিবারের দাবি, ঋণের চাপ ও মানসিক দুশ্চিন্তা সহ্য করতে না পেরেই তিনি এই পথ বেছে নেন। তারও দুই দিন আগে গত ৪ জুলাই জগদীশপুর চা-বাগানের শ্রমিক সবিতা বাউরী (৩০) আত্মহত্যা করেন। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি। একই দিনে উপজেলার খাটুরা গ্রামের সুমা সরকার (২০) নামের আরো এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটে।

 

ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

নেত্রকোনা ও পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

রংপুরের পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন। সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। এছাড়া পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে পৌঁছলে আইরীন আক্তার ত্বারীন কাটা পড়েন। এদিকে নেত্রকোনা শহরে ট্রেনে কাটা পড়ে মুহিত খান (রিফাত) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের রাজুর বাজার এলাকাসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। নিহত মুহিত মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে।