• ই-পেপার

মাধবপুরে ১৭ দিনে চারজনের আত্মহত্যা

সরকারি দপ্তরে ঢুকে ছাত্রদল নেতার হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি
সরকারি দপ্তরে ঢুকে ছাত্রদল নেতার হুমকি

ময়মনসিংহের গৌরীপুরে সরকারি দপ্তরে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদের বিরুদ্ধে। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ না নিয়ে ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে দায় সেরেছেন ইউএনও আফিয়া আমীন পাপ্পা। এদিকে এই হুমকির ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, গত মঙ্গলবার উপজেলা পিআইও কার্যালয়ে প্রবেশ করেন পৌর ছাত্রদলের নেতা রাইসুল ইসলাম রিশাদ। পারে তাঁর চাহিদামতো তথ্য না দেওয়ায় অফিস সহকারীকে নানা ধরনের অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ভয়ভীতি প্রদর্শন ও দেখে নেওয়ার হুমকি দেন তিনি। অভিযুক্ত রাইসুল ইসলাম রিশাদ জানান, তিনি কোনো দপ্তরে গিয়ে হুমকি দেননি। পিআইও অফিস ও ইউএনও অফিসে গিয়ে নিজ এলাকার একটি সড়কের অনিয়মের কথা জানতে চেয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন ইউএনও ও পিআইও অফিসের লোকজন।

 

হালদায় ভাসছে মৃত গরু, দূষণের শঙ্কা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
হালদায় ভাসছে মৃত গরু, দূষণের শঙ্কা

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মৃত গরু ভেসে থাকতে দেখা গেছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির শাহ চৌমুহনী এলাকায় মৃত গরুটি ভাসমান অবস্থায় দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে নদীর মাঝস্রোতে বিশালাকার একটি মৃত গরু ভেসে যেতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত গরুটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা নদীর পানির গুণমান নষ্ট করার আশঙ্কা তৈরি করেছে। হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা নদী রুই জাতীয় মাছের বিশ্বের অন্যতম প্রাকৃতিক প্রজননক্ষেত্র। নদীতে এভাবে মৃত প্রাণী ফেলা বা বর্জ্য নিক্ষেপ করার ফলে পানি মারাত্মকভাবে দূষিত হয়, যা মাছের বিচরণ ও প্রজননের জন্য চরম হুমকিস্বরূপ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বলেন, আমাদের দুইটি টিম মৃত গরুটি নদী থেকে অপসারণের চেষ্টা করছে।

 

টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে শীর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

টঙ্গীর কুখ্যাত মাদক পল্লী কেরানীরটেক বস্তির মাদকের ডিলার ও শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা বেগমকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে। কারিমা টঙ্গীর ডজনখানেক শীর্ষ মাদক কারবারির একজন। গতকাল শুক্রবার টঙ্গী পূর্ব থানা পুলিশ আসামিকে আদালতে পাঠায়। পুলিশ জানায়, কেরানীরটেক মাদক বস্তি থেকে কারিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। টঙ্গীর শীর্ষ মাদক সম্রাজ্ঞী কারিমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। মাদকের ব্যবসা করে একাধিক বহুতল ভবনসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি পুলিশের ওপর কারিমার নেতৃত্বে হামলা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

 

ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

নেত্রকোনা ও পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

রংপুরের পীরগাছায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরীন আক্তার ত্বারীন। সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। এছাড়া পদ্মরাগ ট্রেনটি স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে পৌঁছলে আইরীন আক্তার ত্বারীন কাটা পড়েন। এদিকে নেত্রকোনা শহরে ট্রেনে কাটা পড়ে মুহিত খান (রিফাত) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে শহরের রাজুর বাজার এলাকাসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর বিচ্ছিন্ন লাশ উদ্ধার করা হয়। নিহত মুহিত মোহনগঞ্জ উপজেলার পাইকুড়া গ্রামের মইনুল কবীর খানের ছেলে।