পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যাচার ও বিষোদগারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গতকাল শনিবার রাতে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হারুন অর রশীদ বাদশা প্রমুখ। বক্তারা বলেন, শুক্রবার দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন।

