• ই-পেপার

বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিন প্যাকেজ ঘোষণা হাবের

সাবেক এমপি মনিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
সাবেক এমপি মনিরুলসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩ আগস্ট তাঁদের হাজির করতে বলেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। মামলার অন্য তিন আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

 

 

শ্রাবণের আকাশে মেঘের ভেলা

শ্রাবণের আকাশে মেঘের ভেলা
শ্রাবণের আকাশে মেঘের ভেলা। এর মধ্যেই সবজিক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক। গতকাল বগুড়ার শেখেরকোলা নূরুলের বিল এলাকায়। ছবি : ঠাণ্ডা আজাদ

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি ছাত্রদলের

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আইন প্রণেতা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যসহ সব দোষীর বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলে এই দাবি জানানো হয়। গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহতদের সুস্থতা কামনায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের সাক্ষাতের সময় তিনি আশ্বস্ত করেছেন যে জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে। আবু সাঈদ হত্যাসহ বেশ কয়েকটি মামলার রায় এরই মধ্যে দেওয়া হয়েছে উল্লেখ করে রকিব বলেন, সংগঠনটি এই চলমান বিচারপ্রক্রিয়ার ওপর আস্থা রাখতে চায়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সংহতি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে তাঁদের মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছিল। আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল সেই কর্মসূচিরই ধারাবাহিকতা।

জার্মান দূতাবাসের ব্যাখ্যা প্রতিবেদকের বক্তব্য

জার্মান দূতাবাসের ব্যাখ্যা প্রতিবেদকের বক্তব্য

আটকে গেল গরিবের উন্নয়নের নামে লুটপাটের আয়োজন শিরোনামে গত ১৪ জুলাই কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জার্মান দূতাবাস ব্যাখ্যা দিয়েছে। দূতাবাসের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান উলরিখ ক্লেপম্যানের পাঠানো চিঠিতে বলা হয়, প্রতিবেদনে প্রকল্পের সুবিধাভোগী ও পরামর্শকের সংখ্যা নিয়ে ভুল তথ্য রয়েছে। তাদের দাবি, প্রকল্পটির সরাসরি সুবিধাভোগী অন্তত দুই হাজার ৪০০ জন এবং টিএপিপিতে উল্লিখিত জনবল পূর্ণকালীন মাত্র ৯ জন বিশেষজ্ঞের সমপরিমাণ।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি সমাজসেবা অধিদপ্তরের পাঠানো টিএপিপি, পরিকল্পনা কমিশনের নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে করা হয়েছে। প্রতিবেদনের মূল বিষয় ছিল প্রকল্প ব্যয়ের প্রায় ৮৫ শতাংশই পরামর্শক, ব্যবস্থাপনা, অফিস পরিচালনা, ভ্রমণসহ বিভিন্ন প্রশাসনিক খাতে বরাদ্দ থাকায় প্রকৃত সুবিধাভোগীদের জন্য সরাসরি বরাদ্দ তুলনামূলকভাবে কম। এই ব্যয় কাঠামো নিয়েই পরিকল্পনা কমিশনের পিইসি আপত্তি তুলে প্রকল্পটি অনুমোদন না দিয়ে সংশোধনের জন্য ফেরত দেয়-প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হয়েছে।