• ই-পেপার

মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ আসামি কারাগারে

নতুন দুই মামলায় গ্রেপ্তার সাবেক এমপি জ্যাকব

নিজস্ব প্রতিবেদক
নতুন দুই মামলায় গ্রেপ্তার সাবেক এমপি জ্যাকব

চার মামলায় জামিনের পর নতুন করে দুই হত্যাচেষ্টা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। জ্যাকবের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার বিষয়টি নিশ্চিত করেন। জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় রিফাত হোসেন নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় গত ১৫ জুলাই জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. আশরাফুেদৗলা। আর ইমন নামের ১২ বছরের এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় ১৪ জুলাই গ্রেপ্তার দেখানোর আরেক আবেদন করেন ভাটারা থানার এসআই মাহমুদ হাসান।

 

অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ডিএমপির নির্দেশনা

রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে ট্রাফিক কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোসলেহ্ উদ্দিন আহমদ। এ উদ্যোগের অংশ হিসেবে নীরব এলাকাগুলোতে দৃশ্যমান সাইনবোর্ড স্থাপন, জনসচেতনতা বাড়ানো এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করতে ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভায় গত রবিবার এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

 

 

মুফতি রেজাউল করীম

মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ হওয়া প্রয়োজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যা বন্ধ হওয়া প্রয়োজন

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে দলটির আমির মুফতি রেজাউল করীম দেশের আইন-শৃঙ্খলা, বিচারব্যবস্থা ও অর্থপাচারের প্রসঙ্গ তুলে বলেছেন, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থপাচার এবং সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধ হওয়া প্রয়োজন।

গতকাল সোমবার নগরীর কালীরবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে চায়, তাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোনো নীতি বা আদর্শের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন নিয়ে তিনি শতভাগ মানসিকভাবে পরিষ্কার এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব কিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হচ্ছে বলে তিনি বিশ্বাস করেন।

ইসলামের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বিভক্তির সমালোচনা করে তিনি বলেন, একই ইসলামের কথা বললেও তারা একসঙ্গে চলতে বা রাজনীতি করতে পারেনি। তাঁর দাবি, ইসলামের নামে যে বিভ্রান্তি ছিল, তা এখন মানুষের কাছে স্পষ্ট হয়েছে।

 

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম রবিউল ইসলাম (৩০)। পেশায় রাজমিস্ত্রি রবিউল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যায় শিশুটির পরিবারের সদস্যরা অভিযুক্ত রবিউলের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৫টার দিকে শিশুটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে একই গ্রামের রবিউলের ঘরে শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আসিফ আকবর বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির চাচা মুজিবর রহমান বলেন, রবিউলের বউ চলে যাওয়ার পর বাড়িতে সে একাই থাকত। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।