বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ উদ্যোগে ১৩ দিনব্যাপী ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই যৌথ প্রশিক্ষণ সামরিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিকে আরো শক্তিশালী করবে।
চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সামরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের যৌথ অনুশীলনের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারি আরো সুদৃঢ় হবে।
বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফরমেশন প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এই মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। এতে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ড থেকে ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশন থেকে ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।

