যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জন্য পাকিস্তানের সেনাপ্রধান, ওমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন।
উত্তেজনা কমাতে ফোনালাপের বিষয়ে আরাগচি জানান, আলোচনায় সব পক্ষই বিরোধ নিরসনে কূটনীতির পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।
একই সঙ্গে তারা আঞ্চলিক ইস্যুগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উত্তেজনা আরো বৃদ্ধি ঠেকাতে একযোগে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বলে জানান তিনি।
মার্কিন হামলার তীব্র নিন্দা, আত্মরক্ষার হুঁশিয়ারি
এদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
দেশজুড়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে আরাগচি বলেন, এসব হামলা গত মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের (এমওইউ) সুস্পষ্ট লঙ্ঘন।




